গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শ্রমিক আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করার সময় এপিবিএনের এক কনস্টেবলকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু নাসের আল আমিনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগের প্রেক্ষিতেই মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দায়িত্ব পালন করছিলেন এপিবিএন-২-এর সদস্য কনস্টেবল আশিকুর রহমান। ওই সময়ে তাকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার মধ্যে কিছুটা অমনোযোগী ভাব পরিলক্ষিত হয়। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানিয়েছেন, হঠাৎ করেই তাকে সবার সামনে কানে সজোরে থাপ্পড় মারা হয়।

সূত্রমতে, এই ঘটনার পর আশিকুর রহমানের কানে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ঘটনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কনস্টেবল বলেন, ‘ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের একটি অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, দায়িত্ব পালনে কোনো সদস্যের ভুল বা নির্দেশনা অমান্য করার অভিযোগ থাকলে তা বিধিবদ্ধ প্রক্রিয়ায় নিষ্পত্তি না করে শারীরিকভাবে শাস্তি দেওয়া কতটা গ্রহণযোগ্য।’

পুরো বিষয়টি সম্পর্কে জানতে আশিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, অভিযুক্ত এএসপির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ক্ষুদেবার্তায় (ইনস্ট্যান্ট রিপোর্ট) ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ওই ক্ষুদেবার্তায় ঘটনার বিস্তারিত তথ্যের পাশাপাশি কনস্টেবল আশিকুর রহমান যে এপিবিএন-২-এর সদস্য সেই কর্মস্থল-সংক্রান্ত তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৩৮ বিসিএসের ওই এএসপির ছবিসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে।

এই ঘটনা সম্পর্কে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু মুক্তকণ্ঠকে বলেন, ‘এমন একটা ঘটনা মৌখিকভাবে আলোচনা শুনেছি। পুলিশ একটা শৃঙ্খল বাহিনী। সেই বাহিনীর সদস্যদের মধ্যে এমন ঘটনা কাম্য নয়।’

তিনি আরও জানান যে, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।