স্কুলের টিফিন কেবল শিশুর ক্ষুধা মেটানোর মাধ্যম নয়, বরং এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের টিফিনে পুষ্টির সঠিক ভারসাম্য এবং খাবারের বৈচিত্র্য থাকা প্রয়োজন। সহজ কথায়, শিশুর স্কুলের টিফিন বক্সটি হওয়া উচিত স্বাদ, পুষ্টি এবং আনন্দের এক সংমিশ্রণ।
শিশুর বয়স এবং শারীরিক চাহিদার ভিন্নতা অনুযায়ী টিফিন প্রস্তুত করার সময় বিশেষ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন।
প্রি-স্কুল পর্যায় (৩-৫ বছর): এই বয়সের শিশুদের জন্য অল্প পরিমাণে, নরম এবং সহজে চিবিয়ে খাওয়া যায় এমন বৈচিত্র্যময় খাবার নির্বাচন করতে হবে। শিশুদের খাবারের প্রতি আগ্রহী করতে এর স্বাদ, রং এবং পরিবেশনের ধরনে আকর্ষণীয়তা রাখা জরুরি।
প্রাথমিক পর্যায় (৬-১০ বছর): এই সময়ে শিশুদের দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে এবং শেখার প্রক্রিয়া সক্রিয় থাকে। তাই প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে শস্য, ডিম, দুধ, ডাল, ফল ও সবজির সমন্বয়ে টিফিন তৈরি করা শ্রেয়। বাংলাদেশের ২০২৫ সালের জাতীয় খাদ্য নির্দেশিকায় ৬-৯ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন তিনটি প্রধান খাবারের পাশাপাশি দুটি স্বাস্থ্যকর স্ন্যাকসের কথা বলা হয়েছে। সেখানে শস্য, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ও ফলের বৈচিত্র্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মাধ্যমিক পর্যায় (১১-১৫ বছর): বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণে এই বয়সে শিশুদের শারীরিক বৃদ্ধি দ্রুত হয়। ফলে তাদের শক্তি, প্রোটিন, আয়রন ও ক্যালসিয়ামের চাহিদার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
সব বয়সের শিশুদের টিফিন তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত:
১. বিভিন্ন খাদ্যগোষ্ঠীর সমন্বয়: টিফিনে কেবল এক ধরনের খাবার না দিয়ে শর্করা, প্রোটিন, ফল ও সবজির মতো বিভিন্ন খাদ্যগোষ্ঠীর সঠিক সমন্বয় রাখা উচিত।
২. দেশীয় খাবারের প্রাধান্য: স্বাস্থ্যকর টিফিন মানেই যে দামি বা বিদেশি খাবার হতে হবে, তা নয়। আমাদের পরিচিত, সহজলভ্য এবং সাশ্রয়ী দেশীয় খাবার দিয়েই অত্যন্ত পুষ্টিকর টিফিন তৈরি করা সম্ভব।
৩. খাবারের বৈচিত্র্য আনা: প্রতিদিন একই খাবার দিলে শিশুরা একঘেয়েমি অনুভব করে, তাই খাবারে বৈচিত্র্য রাখা প্রয়োজন। খাবারের রং, আকৃতি ও পরিবেশনে ভিন্নতা আনলে শিশুরা খেতে বেশি আগ্রহী হয়। তবে মনে রাখতে হবে, কেবল আকর্ষণীয় করার জন্য অতিরিক্ত চিনি, কৃত্রিম রং বা সস ব্যবহার করা উচিত নয়। বরং শিশুকে ফল ও সবজি খাওয়ার গুরুত্ব বুঝিয়ে বলতে হবে।
৪. পুষ্টির মান নিশ্চিত করা: টিফিনের লক্ষ্য শুধু পেট ভরানো হওয়া উচিত নয়; বরং শিশুর সামগ্রিক বৃদ্ধি, মনোযোগ এবং শারীরিক সক্রিয়তার উপযোগী পুষ্টিকর খাবার নির্বাচন করতে হবে।
৫. অস্বাস্থ্যকর উপাদান বর্জন: চিপস, চানাচুর, অতিরিক্ত লবণযুক্ত স্ন্যাকস, ক্রিম বিস্কুট, কেক, ডোনাট, ক্যান্ডি, চকলেট, কোমল পানীয় ও প্যাকেটজাত মিষ্টি পানীয়তে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি থাকে। এসব খাবার নিয়মিত টিফিনের অংশ হওয়া উচিত নয়। পানীয় হিসেবে নিরাপদ সাধারণ পানি দেওয়া সবচেয়ে ভালো। এছাড়া টিফিনে অতিরিক্ত সস, মেয়নিজ ও প্রক্রিয়াজাত মাংসের ব্যবহার কমিয়ে আনা প্রয়োজন।
৬. শিশুর পছন্দকে গুরুত্ব দেওয়া: টিফিনে কী থাকবে, তা নির্বাচনে শিশুকে যুক্ত করুন। তার পছন্দ-অপছন্দ বিবেচনা করুন। তবে পছন্দের কোনো অস্বাস্থ্যকর খাবার একেবারে নিষিদ্ধ না করে ধীরে ধীরে তাকে স্বাস্থ্যকর বিকল্পের সঙ্গে পরিচয় করানো শ্রেয়।
৭. পরিমাণ ও পরিবেশন শৈলী: শিশুকে অল্প পরিমাণে পুষ্টিকর খাবার দিন। খাবারগুলো ছোট ছোট টুকরো করে এবং সহজে খাওয়ার উপযোগী করে সুন্দরভাবে সাজিয়ে দিন।
৮. খাবারের সতেজতা বজায় রাখা: এমন খাবার নির্বাচন করুন যা ঠান্ডা হয়ে গেলেও তার স্বাদ, গঠন ও মান বজায় রাখে। অতিরিক্ত ঝোলযুক্ত খাবার বা খুব দ্রুত শক্ত হয়ে যায় এমন খাবার এড়িয়ে চলাই ভালো।
৯. খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ: টিফিন তৈরির ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় রান্না করা খাবার দীর্ঘ সময় সাধারণ তাপমাত্রায় থাকলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। এজন্য পরিষ্কার, শুকনো এবং ফুড-গ্রেড বা ইনসুলেটেড লাঞ্চবক্স ব্যবহার করুন। গরম আবহাওয়ায় দ্রুত নষ্ট হতে পারে এমন খাবার যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করুন।
১০. ঘরে তৈরি খাবারের অগ্রাধিকার: বাইরের কেনা খাবারের চেয়ে ঘরে তৈরি খাবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। ভাজাপোড়া খাবার দিলে তেলের মান ও পরিমাণের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। এছাড়া খাবার তৈরির আগে ও পরে হাত ভালোভাবে ধোয়ার অভ্যাস নিশ্চিত করুন।
১১. ফল ও সবজির অন্তর্ভুক্তি: টিফিনের সঙ্গে কাটা ফল, শসা বা গাজরের মতো সবজি দিন, যা শিশুর ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। ভিটামিন, খনিজ ও আঁশের চাহিদা মেটাতে মৌসুমি ফল যেমন পেয়ারা, পেঁপে, কলা, কমলা, মাল্টা, আপেল ও তরমুজ দেওয়া যেতে পারে। পাশাপাশি শসা, গাজর, টমেটো কিংবা সেদ্ধ বা রান্না করা সবজি রাখা যায়। ফলের জুসের পরিবর্তে গোটা ফল দেওয়া বেশি কার্যকর, কারণ এতে প্রাকৃতিক আঁশ অক্ষুণ্ন থাকে।
লেখক: সিনিয়র নিউট্রিশন অফিসার, সিজিএইচআর, বাডাস এবং ক্লিনিক্যাল নিউট্রিশন কনসালট্যান্ট বাংলাদেশ হাই রিস্ক প্রেগন্যান্সি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, মনোয়ারা হাসপাতাল।