খুলনা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার নথির তথ্যানুসারে, গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এই অতর্কিত হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, "নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"