খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে অবস্থিত নগর ভবনের বাইরের সড়ক থেকে ভবনের সিঁড়ির দিকে পেট্রলবোমাটি ছোড়া হয় বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে এসে পৌঁছান। এরপর তাঁরা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি ছুড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বোমাটি সিঁড়িতে পড়ার পরপরই বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ আগুন জ্বলতে থাকে। তবে পরবর্তীতে আগুনটি নিজে থেকেই নিভে যায়।

নগর ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারা হচ্ছে। বস্তুটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রলবোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। মোটরসাইকেলে আসা দুই যুবক বোমাটি নিক্ষেপ করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”