খুলনা শহরের যশোর রোডে অবস্থিত রেলস্টেশনের দেয়ালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি কালি দিয়ে বিকৃত করা হয়েছিল, তা পুনরায় আঁকার কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর থেকে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) এই প্রতিকৃতিটি নতুন করে ফুটিয়ে তোলার কাজ শুরু করেন।
কাজটি শুরুর আগে প্রতিকৃতির দুই পাশে লাগানো পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়। মুখমন্ডলে লেপন করা কালির ওপর প্রথমে সাদা প্লাস্টিক পেইন্টের প্রলেপ দেওয়া হয়েছে এবং সেখানে রবীন্দ্রনাথের মার্কারি স্কেচ করা হচ্ছে। স্কেচের কাজ সম্পন্ন হলে পুরো প্রতিকৃতিতে রং করা হবে বলে জানানো হয়েছে।
শিল্পী রেজাউল করিম মুক্তকণ্ঠকে বলেন, ‘এটা আমি আর্ট করেছিলাম। শিববাড়ী মোড় থেকে সঙ্গীতা হল পর্যন্ত আমি ও আমার দল দেয়ালচিত্রগুলো এঁকেছিলাম। কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি নষ্ট করেছে। মেয়র (প্রশাসক) সাহেব আমাকে আবার এটা আঁকতে বলায় কাজ শুরু করেছি।’
নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে রেজাউল করিম আরও বলেন, ‘আমাকে কেউ যাতে ঝামেলায় ফেলতে না পারে, সে জন্য পেইন্ট করার (আঁকার) সময় পুলিশ এবং বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা নিরাপত্তায় থাকবেন।’
আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ্বকবির দেওয়ালচিত্রে কালি লেপন এবং তাঁকে নিয়ে বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
কেসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে আমরা দেয়ালে খুলনার অতীত ঐতিহ্য, উন্নয়ন ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকেছি। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতিও ছিল। কিন্তু সেই ছবিতে কালি দেওয়ার ঘটনাকে আমাদের কাছে হিংস্রতা বলে মনে হয়েছে। এটি বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান।’
এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা স্বচ্ছ ও সুন্দর খুলনা গড়ার চেষ্টা করছি। কিন্তু এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।’
ঘটনাটির প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান কেসিসি প্রশাসক। তিনি বলেন, ‘যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে বলেছি। আমরা চাই এ ধরনের কাজে আর কেউ অংশ না নিক। দেয়ালচিত্রগুলো যাতে অক্ষত থাকে, সে জন্য পুলিশ টহল জোরদার করবে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের বিভিন্ন চিত্রের পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতি আঁকা হয়েছিল। এই দেয়ালচিত্রগুলো নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা চলছিল। তবে এরই মধ্যে কেবল রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখটি কালিতে ঢেকে দেওয়া হয়।
গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিকৃতির দুই পাশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামে দুটি পোস্টার লাগানো হয়েছিল। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা ওই ঘটনার তদন্ত করছি।’
এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ। আটক অন্যদের নাম মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)। পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।