খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোলবোমা হামলার ঘটনার পর পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
সন্ত্রাসবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করার লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) থেকে নগরীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি জেলা পুলিশ খুলনার ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করছে। অন্যদিকে, নগর ভবনে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কেসিসি কর্তৃপক্ষ।
গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা কেসিসি নগর ভবনের লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে বিকট শব্দ হয় এবং ভবনের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, “জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল, যেখানে একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেও তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, যা উড়িয়ে দেওয়া যায় না।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং খুব দ্রুতই এ ঘটনায় ভালো ফলাফল পাওয়া যাবে। তিনি দাবি করেন, একটি নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল এই হামলাটি চালিয়েছে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করার প্রক্রিয়া বর্তমানে চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, সোমবার থেকে সন্ত্রাস দমনে যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে টহল দেবেন। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা ছিল। নগর ভবনে হামলার পর এসব প্রতিষ্ঠানের আশপাশে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
এর পাশাপাশি খুলনা জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। মাদক ব্যবসা, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতেও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বিশেষ অভিযানের আওতায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল এবং যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সাথে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে মাদক কারবার ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।