দক্ষিণবঙ্গকে দেশের সামগ্রিক উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন, এমপি। তিনি উল্লেখ করেন যে, ভোলার প্রাকৃতিক গ্যাস সম্পদ, কুয়াকাটার মনোরম সমুদ্র সৈকত এবং পায়রা বন্দর হলো দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ।
তিনি আরও জানান, বর্তমান সরকার এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে (নিউইয়র্ক সময় ১৫ নভেম্বর সন্ধ্যায়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের প্রবাসীদের মধ্যে যারা উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।”
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় এই মতবিনিময় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির এবং ফিরোজ মিয়া। এছাড়া স্থানীয় ও প্রবাসী কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থিত ছিলেন।