দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে পুনরায় ভিড়েছে পণ্যবাহী জাহাজ। আজ বুধবার সকাল ১০টায় চীনের পতাকাবাহী জাহাজ ‘ফান ঝউ-৬’ বন্দরের জন্য ক্রয়কৃত ৫টি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট বহন করে সরাসরি প্রথম টার্মিনালে নোঙর করেছে।

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের সক্ষমতা বৃদ্ধিতে আনা এই ৫টি আধুনিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে নানজিং পোর্ট অ্যান্ড হারবার মেশিনারি কোম্পানির ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন ২টি এসটিএস শিপ টু শোর গেন্ট্রি ক্রেন এবং ৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন ২টি রাবার টায়ার গেন্ট্রি ক্রেন (আরটিজি)। এছাড়া জু ঝাউ কনস্ট্রাকশন মেশিনারি গ্রুপের (এক্সসিএমজি) ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন ১টি মোবাইল হারবার ক্রেনও এই চালানের অন্তর্ভুক্ত। জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে এসব পণ্য নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি।

উল্লেখ্য যে, এর আগে ২০২৪ সালের ১৫ মে এমভি জেইন নামের একটি জাহাজ ৫০ হাজার টন পাথর এবং একই বছরের ১ নভেম্বর এমভি ডা হং-১৬ নামের আরেকটি জাহাজ ৪৮ হাজার টন পাথর নিয়ে সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে পণ্য খালাস করেছিল।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, “ক্রেনগুলো সংযোজন করা হলে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিং কার্যক্রমের সময় কমবে, অপারেশন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।”

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, “রাবনাবাদ চ্যানেলের নাব্যতা–সংকটে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড বন্দরে হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বন্দর ব্যবহারের মাধ্যমে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, পাশাপাশি আমদানি ব্যয় কমবে এবং কোনো যানজট ছাড়াই ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারবেন।”