পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে আবারও দখল এবং গাছ কাটার অভিযোগ উঠেছে। বন বিভাগের দাবি, খননযন্ত্র বা ভেকু ব্যবহার করে ঝাউগাছ উপড়ে ফেলার পাশাপাশি মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ এবং তরমুজ চাষের জন্য জমি প্রস্তুত করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এর আগে একই এলাকায় প্রায় ২৫ হাজার ঝাউগাছ নষ্টের ঘটনায় মামলা করা হলেও বনাঞ্চল দখলের তৎপরতা বন্ধ হয়নি। একের পর এক প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার পরও বনভূমি রক্ষা করতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ জানিয়েছে, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী বিটের চরসাইনবোর্ড এলাকায় প্রায় ৪১৫ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। পাশাপাশি ২০২১-২২ অর্থবছরে সরকারি উদ্যোগে সেখানে ১০ হেক্টর জমিতে ঝাউবাগান গড়ে তোলা হয়। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এই বনাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বন বিভাগের অভিযোগ, গত ১৭ অক্টোবর বিকেলে স্থানীয় বাসিন্দা মানিক মোল্লা, আরিফ মীর ও সাব্বির মীর খননযন্ত্র দিয়ে বনাঞ্চলের প্রায় ৪০০ থেকে ৫০০টি ঝাউগাছ উপড়ে ফেলেন। এরপর মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে তরমুজ চাষের জন্য জমি তৈরির উদ্যোগ নেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও কার্যক্রম বন্ধ হয়নি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তবে ওই এলাকায় বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার এটি প্রথম ঘটনা নয়। এর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর একই ব্যক্তিদের বিরুদ্ধে খননযন্ত্র দিয়ে প্রায় ২৫ হাজার ঝাউগাছ নষ্ট এবং মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে রাঙ্গাবালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করা হয়। সংশ্লিষ্ট বন কর্মকর্তার তথ্য অনুযায়ী, মামলা দুটি এখনো চলমান এবং বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
এদিকে বনাঞ্চলের জমি বন্দোবস্ত দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগ ও উপজেলা ভূমি প্রশাসনের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে রাঙ্গাবালী উপজেলা ভূমি কার্যালয়ের তহশিলদার মো. জাহিদুল ইসলাম জমিটিকে সরকারি খাসজমি উল্লেখ করে একটি প্রতিবেদন দেন। পরবর্তী সময়ে রাঙ্গাবালীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকালে ওই জমি খাস দেখিয়ে অভিযুক্তদের নামে বন্দোবস্ত দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তহশিলদারসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ।
বন বিভাগের দাবি, বন্দোবস্ত দেওয়া জমি প্রকৃতপক্ষে সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত। এ কারণে বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ৩ আগস্ট ও ১৫ অক্টোবর পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান।
এ বিষয়ে তিনি বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, সেটি মূলত সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বন্দোবস্ত বাতিলের জন্য জেলা প্রশাসককে দুই দফায় চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসন এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে, তা তার জানা নেই।”
অন্যদিকে উপজেলা ভূমি অফিসের একটি অনুমতিপত্রে চর ইমারশন মৌজার ২৫ একর সরকারি খাসজমিতে শর্তসাপেক্ষে এক মৌসুমের জন্য চাষাবাদের অনুমতি দেওয়ার তথ্য পাওয়া গেছে। অনুমতিপত্রে উল্লেখ রয়েছে, জমির মালিকানা সরকারের কাছেই থাকবে, জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না এবং চাষাবাদ শেষে জমি সংশ্লিষ্ট ভূমি অফিসের কাছে বুঝিয়ে দিতে হবে। তবে এই ২৫ একর জমি বন বিভাগের ১০ হেক্টর বনায়ন প্রকল্প কিংবা সংরক্ষিত বনাঞ্চলের সীমানার মধ্যে পড়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, একটি প্রভাবশালী মহল সরকারি বনভূমি দখল করে তা বিক্রির চেষ্টা করছে। এ নিয়ে অবৈধ আর্থিক লেনদেনের আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। বনভূমি দখল ও গাছ কাটার ফলে স্থানীয়দের গরু-মহিষ পালন এবং চারণভূমি ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলেও জানান এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মতে, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করা এসব বনাঞ্চল ধ্বংস হলে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সরকারি খাসজমি ও সংরক্ষিত বনভূমির সীমানা নির্ধারণে জরিপ, জমি বন্দোবস্তের বৈধতা যাচাই এবং বনাঞ্চল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কাউখালী ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল আহম্মেদ খান বলেন, “কাউখালী এলাকায় বন বিভাগের ১০ হেক্টর ঝাউবাগান রয়েছে। সেখানে প্রভাবশালী মানিক মোল্লার বিরুদ্ধে বনভূমি দখল, রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটা ও চাষাবাদের অভিযোগ রয়েছে। এ ঘটনায় বন বিভাগ মামলা করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় পুরো বনাঞ্চল নিয়মিত তদারকি করা সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে জরিমানা করেছে।”
অভিযোগ অস্বীকার করে মানিক মোল্লা বলেন, “সরকারি নিয়ম মেনেই জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের অনুমতি নিয়ে ৮০ জন কৃষক জমিটি লিজ নিয়েছেন। বন বিভাগ কেন তাদের বিরুদ্ধে মামলা করেছে, তা তিনি জানেন না। তবে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাষিদের চাষাবাদের অনুমতি দিয়েছেন বলে দাবি করেন তিনি।”
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। ২৫ একর জমিতে চাষাবাদের অনুমতির বিষয়ে প্রশাসনের নিজস্ব কোনো অভিমত নেই। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সেখানে চাষাবাদ কার্যক্রম চলছে বলে তারা অবগত হয়েছেন। এ বিষয়ে পাঁচ পৃষ্ঠার একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”