পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ স্থাপনের পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ নিঃসৃত হওয়ার ঘটনা ঘটেছে। টানা প্রায় ২৫ দিন ধরে এই অবস্থা চলতে থাকায় এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল জানান, প্রায় এক মাস আগে তার বাড়ির জন্য গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এক রাত ও এক দিন ধরে চলা খনন কাজের সময় নলকূপের পাশে আরেকটি কূপ তৈরি হয়। কাজ সমাপ্তির পর থেকেই ওই কূপ থেকে বুদবুদের মতো পদার্থ বের হতে শুরু করে। কামাল জানান, নলকূপের ভেতর ও পাশের কূপের পানিতে নিয়মিত বুদবুদ উঠতে দেখা যায়। বিষয়টি যাচাই করতে দিয়াশলাই জ্বালিয়ে ধরলেই পদার্থটি জ্বলে ওঠে। এরপর থেকেই এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ২৫ দিন ধরে একইভাবে ওই স্থান থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। কৌতূহলী মানুষ দেখতে সেখানে ভিড় করছেন। এমনকি নির্গত পদার্থে আগুন জ্বালিয়ে কিছু রান্নার কাজও করা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার খবর প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানান কামাল। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হয়। কামালের দাবি, এটি যদি প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, তাহলে বিষয়টি দ্রুত পরীক্ষা করে দেখা প্রয়োজন। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের বিষয় জড়িত থাকতে পারে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, নলকূপের পাশের কূপ থেকে বের হওয়া পদার্থটি আসলে প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হলে এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।