বাংলাদেশকে একটি অনন্য মডেল হিসেবে বিবেচনা করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের পূর্ণ সুবিধা গ্রহণ করা গেলে, সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে দেশটি নিজের উন্নতির পাশাপাশি বিশ্বের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এই মত ব্যক্ত করেন।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে এলে জহির উদ্দিন এসব কথা বলেন।
সাক্ষাৎকালে জহির উদ্দিনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের কথা উঠে আসে। বিশেষ করে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের সময় সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং সেই লক্ষ্যে সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জনসংখ্যা খাতের দীর্ঘমেয়াদী প্রভাবের কথা উল্লেখ করে জহির উদ্দিন বলেন, “জনসংখ্যা এমন একটি খাত, যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ ও রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে।” তিনি আরও মনে করেন, বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী উদীয়মান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
আলোচনার এক পর্যায়ে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন জহির উদ্দিন। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি ও শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জহির উদ্দিন জানান, তিনি তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন। সেখানে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনএফপিএ-র সঙ্গে সহযোগিতার বিষয়টি তিনি গুরুত্বের সাথে তুলে ধরবেন।
ভবিষ্যতে বাংলাদেশের এই ধরনের উন্নয়নমূলক ও দক্ষতাবৃদ্ধি কার্যক্রমগুলোতে জাতিসংঘ জনসংখ্যা তহবিল আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন জহির উদ্দিন।