জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে এক উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি চারজন নারীর মধ্যে একজন তাঁর স্বামী বা সঙ্গীর যৌন সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন না।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আজ বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে। তথ্যানুসারে, পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী বিবাহিত জীবনেও যৌন সম্পর্কের ক্ষেত্রে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব অঞ্চলের ক্ষেত্রে এই হার ৩৩ শতাংশ। অন্যদিকে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর একজন যৌন সম্পর্ক প্রত্যাখ্যান করতে সক্ষম নন।

এই প্রতিবেদনে আটটি নির্দিষ্ট দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া। বিশ্লেষণে দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী ও তরুণীদের যৌন সম্পর্কে ‘না’ বলার ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় অনেক কম। কিশোরীরা সঙ্গীর সহিংসতার শিকার হওয়ার অধিক ঝুঁকিতে থাকেন, যা পূর্ববর্তী গবেষণার তথ্যের সঙ্গেও সংগতিপূর্ণ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এগুলো সত্যিই দুঃখজনক পরিসংখ্যান।’ তিনি আরও উল্লেখ করেন যে, আফ্রিকার দেশগুলো নারীর অধিকার রক্ষায় বাধ্যতামূলক আইনি মানদণ্ড নির্ধারণকারী ম্যাপুটো প্রটোকল গ্রহণ করলেও নারী ও মেয়েরা যেন এসব অঙ্গীকারের সুফল পান, তা নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি।

উল্লেখ্য, ২০০৩ সালে আফ্রিকান ইউনিয়ন ম্যাপুটো প্রটোকল গ্রহণ করে, যা নারীর অধিকার রক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তির মাধ্যমে রাষ্ট্রগুলোর ওপর নারীর প্রতি সহিংসতা থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিয়ে হতে হবে উভয়ের পূর্ণ সম্মতির ভিত্তিতে এবং এতে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এই বিষয়ে জ্যঁ-পল মুরুঙ্গা বলেন, ‘মূল নীতিটি পরিষ্কার: স্বাধীনভাবে ও স্বেচ্ছায় সম্মতি ছাড়া যৌন সম্পর্ক যৌন সহিংসতা। বিয়ের মধ্যেও এটি যৌন সহিংসতা। বিয়ে মানেই স্থায়ী বা ধরে নেওয়া সম্মতি নয়। একজন নারী যৌন সম্পর্কে জড়াবেন কি না, কখন জড়াবেন এবং কীভাবে জড়াবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে।’

মুরুঙ্গা মনে করেন, প্রথমেই আফ্রিকার দেশগুলোর ধর্ষণসংক্রান্ত আইনে পরিবর্তন আনা জরুরি। তাঁর ২০২৪ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আফ্রিকার কিছু দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এমনকি সাতটি দেশে স্বামীকে এই অপরাধের বিচারের আওতা থেকে বাইরে রাখা হয়েছে, যার মধ্যে আইভরিকোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান অন্তর্ভুক্ত। তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো কিছু দেশে কেবল স্বামী-স্ত্রী একসঙ্গে না থাকলেই বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, যেসব দেশে বাল্যবিবাহ অনুমোদিত কিন্তু বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, সেখানে শিশুরা চরম সুরক্ষাহীন হয়ে পড়ে। বিয়ের বাইরে যে কাজকে ধর্ষণ বলা হয়, বিয়ের পর তা আইনের ফাঁক দিয়ে অপরাধমুক্ত হয়ে যেতে পারে। ফলে অল্প বয়সী স্ত্রীদের যৌন সহিংসতা ও শোষণ থেকে নিজেদের রক্ষা করার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে যায়। উদাহরণস্বরূপ গ্যাবনের কথা বলা হয়েছে, যেখানে কোনো পুরুষ অপহরণ করা শিশুকে বিয়ে করলে বিয়ে বাতিল না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না।

এই ধরনের বৈষম্যমূলক আইনের পেছনে একটি ভুল ধারণা কাজ করে যে, বিয়ের পর স্ত্রী স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে স্থায়ীভাবে সম্মতি দিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস এই ধারণাকে আরও শক্তিশালী করে।

সিয়েরা লিওনে কিশোরীদের সহায়তায় কাজ করা সংস্থা ‘আ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে জানান, আফ্রিকায় বিয়ের মধ্যে সম্মতি নিয়ে আলোচনা এখনো শুরুই হয়নি। তিনি বলেন, ‘বৈবাহিক ধর্ষণ নিয়ে আমাদের আলোচনা এখনো শুরু হয়নি। নারীরা একে ধর্ষণ বলবেন না। তাঁরা এর পক্ষে নানা অজুহাত দেন, এমনকি নিজেদেরই দোষ দেন।’

আলিমাতু ডিমোনেকেনে আরও বলেন, ‘পশ্চিম আফ্রিকায় বিয়ের মধ্যে যৌন সম্পর্ককে দায়িত্ব বলে মনে করা হয়। স্বামী যা চান, স্ত্রীকে তা-ই করতে হবে। বিয়েতে কনের পরিবারকে দেনমোহর বা পণ দেওয়ার পর স্বামী মনে করেন, স্ত্রীর ওপর তাঁর অধিকার তৈরি হয়েছে। তখন স্ত্রী তাঁর দাবি প্রত্যাখ্যান করতে পারেন না। ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থ কিংবা সন্তান লালন-পালন—সব ক্ষেত্রেই স্বামী যা চান, তা-ই পান বলে মনে করা হয়।’