কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেরারি আসামিদের দেশে প্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ফাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আজ রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম এসব কথা জানান।
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’
তথ্যদাতাদের নিরাপত্তা ও পুরস্কারের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং আমরা যারা ব্যাটালিয়নের সিও হিসেবে আছি, আমরা একটি ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব ওই ব্যক্তির জন্য, যিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।’
সাইফুল আলম জানান, অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই নিরাপত্তা জোরদার করতে যশোরের বেনাপোলসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক আরও উল্লেখ করেন যে, সীমান্তে টহল এবং গোয়েন্দা নজরদারির কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে নজরদারির জন্য বিশেষ সার্চলাইট বসানো হচ্ছে। এছাড়া আধুনিক প্রযুক্তির থার্মাল ক্যামেরা ও ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সড়কে কয়েক স্তরে ব্যারিকেড বসানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
অন্যদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা সম্পর্কে সাইফুল আলম জানান, গত ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর রিজিওন থেকে প্রথমে তিন প্লাটুন এবং আজ আরও তিন প্লাটুন মিলিয়ে মোট ছয় প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন করা হয়েছে।