ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে দিনাজপুর সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি থার্মাল ড্রোন ও সার্চলাইটের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকা অধিক ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত, সেখানে দিন-রাত বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সীমান্তে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালানো হচ্ছে।

বিজিবি আরও উল্লেখ করেছে যে, রাতের অন্ধকারে নজরদারি কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করার জন্য থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এই প্রযুক্তির সহায়তায় দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে তারা মনে করে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাচল করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানান। স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

অধিনায়ক আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবি অত্যন্ত পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।