অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্ত অপরাধ কঠোরভাবে দমনের লক্ষ্যে মৌলভীবাজার সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের দুর্গম পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত এলাকা দিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের একাধিক অপচেষ্টা লক্ষ্য করা গেছে। এসব অনাকাঙ্ক্ষিত চেষ্টা প্রতিহত করার লক্ষ্যেই সীমান্তে এই বিশেষ সতর্কাবস্থা জারি করেছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এই বিষয়ে নিশ্চিত করেছেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, সম্প্রতি বিজিবির কঠোর তৎপরতার কারণে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারী প্রায় ৭০ থেকে ৭৫ জনকে প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে বিজিবির সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির চলাচল বা অনুপ্রবেশের চেষ্টা দেখা মাত্রই দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয় লোকজনকে অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি, দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রম আরও কার্যকর ও নিখুঁত করতে ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানও অব্যাহত রাখা হয়েছে। নিয়মিত টহল ও জনসম্পৃক্ততার এই চার স্তরের সমন্বিত প্রচেষ্টায় মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখতে বিজিবির এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, “সীমান্তে অনুপ্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণের সহযোগিতাও আমাদের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে।”