চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশুসহ মোট ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটককৃতদের তালিকায় রয়েছেন চারজন পুরুষ, চারজন নারী এবং একজন শিশু। আটক পুরুষদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর এলাকার অরম কৃষ্ণ বাড়ৈ-র ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে থাকা বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। সীমান্তের ৬১/৭-এস পিলার থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বেনীপুর বাজারের মোড়ে এই অভিযান পরিচালিত হয়। সেই সময় অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ওই নয়জনকে আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।