শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই আটকের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত রাতে উপজেলার মিশন মোড় এলাকা থেকে এই ১২ ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের পরিচয় শনাক্ত করে বিজিবি জানিয়েছে, তাদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মিনারুন (১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে আ. করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে ইউসুফ (২১), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ, মানব পাচার বন্ধ এবং মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, "ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি।"
তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্তে মাদক পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান এবং নজরদারি অব্যাহত থাকবে।