যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
বিজিবি অধিনায়ক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের বর্তমান স্থিতিশীলতা নষ্ট করার অভিপ্রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সংগঠনটির কোনো নেতাকর্মী কিংবা সহযোগী যেন সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে দেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু অনুপ্রবেশই নয়, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক যাবতীয় অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।
আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফেরার গুঞ্জন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আগামী ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার গুজব ছড়ানো হচ্ছে। আমাদের আশঙ্কা, তারা কলকাতা বা পশ্চিমবঙ্গকেন্দ্রিক অবস্থান করছে। সে কারণে বেনাপোল ছাড়াও সাতক্ষীরা ও যশোর সীমান্ত ব্যবহার করতে পারে। মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা- পুরো এলাকাকেই আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এ কারণে সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করেন সাইফুল আলম খান। তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ কিংবা সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।