পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহারকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে বাগ্দানের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ভক্তদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া সেই ছবিগুলোতে আসিমকে ক্রিম রঙের একটি ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে।
তাঁর পাশে রয়েছেন মিন্ট সবুজ রঙের ভারী কারুকাজ করা পোশাক পরিহিত এক নারী। অন্য একটি ছবিতে তাঁদের দুজনকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। ছবিগুলোর ধরন দেখে অনেক ভক্তই ধারণা করছেন যে, এই জনপ্রিয় সংগীতশিল্পী গোপনে তাঁর বাগ্দান সম্পন্ন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, ‘অবশেষে ভাইয়েরও জুটি মিলে গেল। অভিনন্দন।’
তবে এই বাগ্দানের খবরটি কতটা সত্য তা নিয়ে সংশয় রয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিগুলো কোনো পারিবারিক অনুষ্ঠান বা আনন্দ আয়োজনের হতে পারে। ছবির পটভূমিতে পরিবারের সদস্য এবং অতিথিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আসিম আজহার নতুন করে বাগ্দান করেছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।
ছবিতে থাকা নারীর পরিচয় কিংবা ওই আয়োজনের প্রকৃত উপলক্ষ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। ফলে আপাতত এই ছবিগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনাকে কেবল গুঞ্জন হিসেবেই দেখছেন ভক্তরা।
আসিমের ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তাঁরা সম্পর্কে ছিলেন।
পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথন এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতির খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত অক্টোবরে আসিমের জন্মদিনে হানিয়াকে দেখা গেছে বলে ভক্তরা ধারণা করেন। এছাড়া হুনজায় তাঁদের দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলে খবর প্রকাশিত হয়। এসব ঘটনার পর তাঁদের পুরোনো সম্পর্ক পুনরায় জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এর আগে অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার মেরুব আলীর সঙ্গে বাগ্দান করেছিলেন আসিম। প্রায় তিন বছর বাগ্দান অবস্থায় থাকার পর ২০২৫ সালের জুনে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।
এবার নতুন করে ছড়িয়ে পড়া ছবিগুলো আসিমের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে ছবিগুলো সত্যিই কোনো বাগ্দান অনুষ্ঠানের কি না, তা জানতে এখন আসিমের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।