তরুণ অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর হবু বরের সঙ্গে পবিত্র কাবা শরিফে তোলা কিছু ছবি প্রকাশ করেছেন। প্রায় চার মাস আগে তিনি নিজের বাগ্দানের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি শেয়ার করা সেই ছবিগুলোতে দেখা গেছে, একজন তরুণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন নীহা। অন্য একটি ছবিতে তাঁদের একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়।
ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে নীহা লিখেছেন, ‘আমাদের জীবনের একটি অধ্যায় আমরা ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধন উপহার দিয়েছেন এবং তাঁর পবিত্র ঘরে (কাবা শরিফে) একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের এই সম্পর্ককে সব সময় তাঁর বরকতে পরিপূর্ণ রাখুন।’
ফেসবুকে পোস্টটি করার মাত্র চার ঘণ্টার ব্যবধানে ২৬ হাজারেরও বেশি মানুষ এতে ‘রিঅ্যাক্ট’ করেছেন। নেটিজেনদের অনেকেই এই নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন। তবে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে, নীহা কি ইতিমধ্যে বিয়ে সেরে ফেলেছেন কি না। এই বিষয়ে বিস্তারিত জানতে নীহাকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুন ফেসবুকে নিজের ‘এনগেজড’ হওয়ার সংবাদ সবার সাথে শেয়ার করেছিলেন নাজনীন নীহা। তবে সে সময় তিনি তাঁর হবু বরের পরিচয় গোপন রেখেছিলেন। এরপর বিভিন্ন সূত্রে খবর ছড়িয়েছিল যে, তিনি একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগ্দান করেছেন। যদিও নীহা নিজে থেকে এই খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি।
সেই সময়ে এই বিষয়ে মুক্তকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে নীহা বলেছিলেন, ‘দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’