পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। পাকিস্তানের একজন কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন যে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এই তথ্যের সত্যতা নিয়ে এবার মুখ খুলেছেন খোদ সাবা কামার। অত্যন্ত রসিকতার সাথে তিনি এই বিয়ের খবরটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন।
সম্প্রতি সাবা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজানের একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে দাবি করা হয়েছিল যে, ডিসেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন সাবা। এই গুঞ্জন উড়িয়ে দিতেই তিনি ওই ভিডিওটি শেয়ার করেন এবং নিজের স্বভাবসুলভ হাস্যরসের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
বিয়ের গুঞ্জনের জবাবে সাবা লেখেন, “ও ভাই, কে ছড়াচ্ছে এসব গুজব যে ডিসেম্বরে আমার বিয়ে? সত্যি বলতে, কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে বাড়ি ফেরারও সময় পাই না। ঠিকমতো ঘুমানোর সুযোগও হয় না। বিয়ে যদি হয়েই থাকে, তাহলে আমাকেও দাওয়াত দিয়ো। কারণ, আমি নিজেই তো বিয়ের কোনো নিমন্ত্রণ পাইনি!”
যদিও বর্তমানের এই বিয়ের গুঞ্জন তিনি উড়িয়ে দিয়েছেন, তবে এর আগে নিজের ব্যক্তিগত জীবনের একটি গোপন কথা প্রকাশ করেছিলেন সাবা কামার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর অভিনীত একটি ছবির সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছিল প্রায় দুই থেকে চার বছর আগে। তবে সেই অভিনেতার নাম তিনি প্রকাশ করেননি। সাবা জানান, সেই সহশিল্পী এখন বিবাহিত।
সেই স্মৃতিচারণ করে সাবা বলেছিলেন, “সে এখন বিবাহিত। বিষয়টি আমার কাছে সত্যিই অদ্ভুত লাগে। ঘটনাটি অনেক আগের। যদিও খুব বেশি আগের নয়, হয়তো দুই বা চার বছর আগের। তবে তাঁর প্রতি আমার ভালো লাগা ছিল। আমি তাঁর প্রেমে পড়েছিলাম। হয়তো তাঁর অভিনীত চরিত্রটির প্রেমেই পড়েছিলাম।”
সাধারণত নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই অভিনেত্রীর মুখে এমন স্বীকারোক্তি ভক্তদের কাছে ছিল বেশ চমকপ্রদ।
ক্যারিয়ারের কথা বললে, সাবা কামার পাকিস্তানের অন্যতম প্রশংসিত একজন অভিনেত্রী। চলচ্চিত্র এবং টেলিভিশন—উভয় মাধ্যমেই তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ঘাবরানা নেহি হ্যায়’ এবং ‘কামলি’। বিশেষ করে ‘কামলি’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ২০২৩ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি।
টেলিভিশন পর্দায় তাঁর জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে ‘বাগি’, ‘চিখ’, ‘ফ্রড’, ‘মিসেস অ্যান্ড মিস্টার শামীম’, ‘সিরিয়াল কিলার’, ‘কেস নম্বর ৯’, ‘পামাল’ এবং ‘মুয়াম্মা’র মতো ধারাবাহিকগুলো।