দর্শকদের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ের শেষ দিন ছিল গতকাল সোমবার। দীর্ঘ পথচলার পর এই বিশেষ দিনটি নাটকের সাথে যুক্ত কলাকুশলীদের জন্য এক চরম আবেগের মুহূর্তে পরিণত হয়। শুটিংয়ের শেষ পর্যায়ে এসে ভীষণ ইমোশনাল হয়ে পড়েন নাটকের জনপ্রিয় চরিত্র ‘নেহাল’-এর অভিনেতা তৌসিফ মাহবুব।
শুটিংয়ের শেষ দিনটি উৎসবমুখর হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ঘটেনি। বরং দীর্ঘ সময় ধরে একটি পরিবারের মতো একসঙ্গে কাজ করা শুটিং টিমের সদস্যদের মনে ছিল গভীর বিষাদ, যা ব্যক্ত করেছেন তৌসিফ। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি এখন পাশা ভাইয়ের রুমে। রুমটি সব সময় আমাদের সবার পছন্দের। কিন্তু এখন এই রুমে কেউ নাই। আমি আর নেহাল নই, কারণ আমাদের নেহালের গল্প, ব্যাচেলর পয়েন্টের গল্প শেষ হয়ে যাচ্ছে। অথচ এই নাটকটি আমার ইমোশনের জায়গা।’
তৌসিফ জানান, নাটকের কাহিনীতে নানা পরিবর্তন আসলেও গল্পের প্রয়োজনে রুমগুলোর বিন্যাস সব সময় একই রকম রাখা হয়েছিল। বিশেষ করে নাটকের ‘পাশা’ চরিত্রের রুমটির সাথে তাঁর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে। উল্লেখ্য, পাশা চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। তৌসিফের সঙ্গে কথা বলার সময় সেই প্রিয় ঘরটি ছিল একদম খালি। শুটিংয়ের বিভিন্ন রুমের দৃশ্যগুলো একে একে শেষ হয়ে আসায় ঘরটি শূন্য হয়ে পড়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই পুরো নাটকটির শুটিং শেষ হতে যাচ্ছিল। এই মুহূর্তে তৌসিফ বলেন, ‘আমাদের সবাই শুটিংয়ে খুব মজা করতাম। আনন্দে কাটত সময়। সেই শুটিং আজ শেষ হচ্ছে। ভবিষতে আমাদের একসঙ্গে দেখা হবে কি না জানা নাই। কবে দেখা হয় জানি না।’
ব্যাচেলর পয়েন্টের শুটিং চলাকালীন মজার সব স্মৃতি সম্পর্কে জানতে চাইলে তৌসিফ বলেন, ‘এমন অনেক ঘটনা, কথা আছে যা কখনোই শেষ হবে না। এই মুহূর্তে পাশার রুমে বসে অনেক কিছু অনুভব করছি। নাটকের সবচেয়ে আইকনিক রুম এটা। ব্যাচেলর পয়েন্টের যে রুমে আনন্দে মেতে উঠি সবাই, সেই রুমে একা একা বসে আছি। অন্যরা সবাই শুটিং করছে। আমি মন খারাপ করে বসে আছি। ঠিকমতো কথাও বলতে পারছি না।’
শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত এবং স্মৃতিচারিতার সময় কথা বলতে গিয়ে চরম আবেগাপ্লুত হয়ে পড়েন তৌসিফ। তিনি বলেন, ‘আর শুটিং করব না এই হাউসে, আর এখানে বসে শুটিংয়ের ফাঁকে গল্প করব না, আর দুষ্টুমি, আড্ডাবাজি, ফাজলামি করব না, আর নেহাল হব না এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কথাগুলো বলতে যেমন আমার কথা ভারি হয়ে আসছে তেমনি আমার চোখও ভারি হয়ে আসছে।’ কথাগুলো বলার সময় অভিনেতা তৌসিফের চোখে জল চলে আসে।
প্রায় ৯ বছর ধরে প্রচারিত এই ধারাবাহিকটি সব সময়ই দর্শকদের ব্যাপক গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পেয়েছে। অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর মাধ্যমেই এই জনপ্রিয় নাটকের সমাপ্তি ঘটছে। এই বিষয়ে তৌসিফ বলেন, ‘নাটকের সঙ্গে কোটি মানুষের ইমোশন জড়িত। দীর্ঘ এ সময় দর্শক আমাদের সঙ্গে ছিল এ জন্য কৃতজ্ঞতা, ৯ বছর যারা সাপোর্ট দিয়েছেন তাঁদের জন্য ভালোবাসা। হয়তো এ দেখাই শেষ দেখা।’
গতকাল শুটিংয়ের শেষ দিন ছিল, তা শিল্পী ও কলাকুশলীরা আগে থেকেই জানতেন। এই কারণে নাটকের অভিনয়শিল্পী এবং পরিচালকসহ অনেকেই তাঁদের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা।’ নাটকের পরিচালক অমি তাঁর পোস্টে লিখেছেন, ‘মাঝে মাঝে কথা হারায় যায়, অনুভূতি প্রকাশ করা যায় না। বিদায়, সিজন ৫।’
এই জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, আবদুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আখম হাসান প্রমুখ। এছাড়া অভিনেত্রীদের মধ্যে ছিলেন সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, লামিমা লাম প্রমুখ।