অভিনয় ক্যারিয়ারে ক্রমাগত উন্নতির পথে হাঁটছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দর্শক ও ভক্তদের মাঝে তিনি এখন বেশ জনপ্রিয়। তবে তাঁর এই দ্রুত উত্থান এবং কাজের ধরন দেখে অনেকেই মনে করছেন, মেহজাবীন চৌধুরীর দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তটিনী। কিন্তু প্রশ্ন জাগে, নিজেকে কি সত্যিই মেহজাবীনের জায়গায় ভাবেন এই অভিনেত্রী?

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তাঁর প্রতিক্রিয়া জানান তটিনী। তিনি জানান, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায়ই এবং তিনি বিষয়টিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেন। কারণ, একজন অত্যন্ত গুণী অভিনয়শিল্পীর সঙ্গে তাঁর তুলনা হওয়া তাঁকে ক্যারিয়ারের বিষয়ে আরও সচেতন ও মনোযোগী হতে সাহায্য করে।

তুলনা প্রসঙ্গে তটিনী বলেন, “অনেকেই বলেন, “তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ।” আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।”

মেহজাবীনের প্রভাব ও অনুপ্রেরণা সম্পর্কে তটিনী আরও বলেন, “আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তাঁর ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তাঁর পরিশ্রম, তাঁর অনেক অভিজ্ঞতা, তাঁর কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।”

খুব অল্প সময়ের ক্যারিয়ারে দর্শকদের বিপুল ভালোবাসা অর্জন করেছেন তটিনী। তাঁর অভিনীত নাটকগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ও দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে নাট্য অঙ্গনে তাঁর এই পথচলার শুরু থেকেই মেহজাবীনের ক্যারিয়ারের কথা মাথায় রেখেছিলেন তিনি।

সেই স্মৃতিচারণ করে তটিনী বলেন, “আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তাঁর আচার–আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।”

বর্তমানে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। এই নাটকে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ছোট পর্দার এই অভিনেত্রীর অভিনয় ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।