মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকের ব্যাপক সাফল্যের পর এবার পর্দায় এসেছে তাঁর নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের টানাপোড়েন ও আবেগ নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি গতকাল বুধবার দুপুর ১২টায় চ্যানেল আই এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে। মুক্তির মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং এর ভিউ সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে। ইউটিউবে নাটকের মন্তব্যের ঘরে দর্শকদের প্রশংসায় ভাসছে এই নতুন কাজ।

নাটকটির প্রতি দর্শকদের আগ্রহের কথা প্রকাশ করে মামুন নামের এক দর্শক লিখেছেন, ‘“এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ অন্যদিকে বাপ্পা নামের আরেক দর্শক তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো...আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’

পূর্ববর্তী ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী এবং মনিরা মিঠুসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় এসেছিলেন। তবে নতুন এই ধারাবাহিকটিতে তাঁদের সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এই নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার, খায়রুল বাসার ও মনিরা মিঠুসহ আরও অনেকে। উল্লেখ্য, এই ধারাবাহিকটির মাধ্যমে সুমাইয়া শিমুর অভিনয়ে নিয়মিত হওয়ার কথা ছিল এবং তিনি একদিন শুটিংও করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত চোখে ভাইরাস সংক্রমণের কারণে তিনি শেষ পর্যন্ত এই কাজে যুক্ত হতে পারেননি। তাঁর পরিবর্তে গল্পে যুক্ত হন দীপা খন্দকার এবং দীপার চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। তবে ‘ফিরে আসার গল্প’ নাটকের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের উপস্থিতি। তাঁদের পাশাপাশি তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার অভিনয় করেছেন। এছাড়া নাটকে আরও অভিনয় করেছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ।

নব্বই দশকের জনপ্রিয় এই দুই তারকা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের একসঙ্গে পর্দায় ফেরা দর্শকদের জন্য বিশেষ চমক। স্যাটেলাইট টেলিভিশনের যুগ শুরুর আগেই এক ঘণ্টার নাটকে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। পরবর্তীতে এটিএন বাংলার ‘লাল নীল বেগুনি’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেন তাঁরা, যেখানে পরিচালক ছিলেন জাহিদ হাসান। এরপর ২০১৩ সালে এসএ টিভির ‘সাঙরিলা’ ধারাবাহিকে অভিনয় করেন এই দুই তারকা, যার পরিচালক ছিলেন শহীদুজ্জামান সেলিম। দীর্ঘ ১৩ বছরের বিরতির পর আবারও একই নাটকে এই দুই কিংবদন্তির পুনর্মিলন দর্শকদের জন্য আনন্দের বিষয় এবং তাঁরা নিজেও এই পুনর্মিলন উপভোগ করছেন।

ধারাবাহিকটির প্রথম লটে মোট ১০টি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে ঢাকার উত্তরায় দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে, যা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে এবং এই সময়ে আরও ১৮টি পর্বের শুটিং শেষ হবে। সব মিলিয়ে মোট ৫২টি পর্বে শেষ হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ধারাবাহিকের নতুন নতুন পর্বগুলো।