আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল—গত দুই বছরে এই জুটিকে একসঙ্গে প্রায় অর্ধশতাধিক নাটকে পর্দায় দেখা গেছে। এবার পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটক 'দুটি মন'-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তাঁরা। গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হয়েছে।
নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি একক পরিবারে বড় হওয়া এক যুবককে কেন্দ্র করে, যে তার বাবার জন্য একজন নতুন জীবনসঙ্গিনী খুঁজে দেওয়ার চেষ্টা করে। এই প্রচেষ্টাকে কেন্দ্র করেই গল্পের মোচড়গুলো এগিয়ে চলে। দীর্ঘদিনের পারিবারিক অভিমান কীভাবে সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি করে, তা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিচ্ছেদ, একাকিত্বের পাশাপাশি গল্পটিতে ভালোবাসা এবং মানসিক দ্বন্দ্বের এক জটিল চিত্র ফুটে উঠেছে।
রাসেল আজম পরিচালিত এই নাটকের গল্পটি বাস্তব জীবনের খুব কাছাকাছি। পরিচালক রাসেল আজম জানান, খুব কাছ থেকে দেখা একটি গল্পই তিনি পর্দায় তুলে ধরেছেন। বাবা ও ছেলের এই সম্পর্কের গল্পটি ফুটিয়ে তুলতে তাঁর নিজের আবেগও জড়িয়ে ছিল। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং ছেলের চরিত্রে আরশ খান। আরশ খানের চাচাতো বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল। এছাড়া নাটকে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা।
নাটকটি সম্পর্কে সুনেরাহ্ বিনতে কামাল মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের যত্নের সম্পর্কগুলো মান-অভিমানের কারণে অনেক সময় বদলে যায়, যার প্রভাব পরিবারের অন্য সদস্যদের ওপরেও পড়ে। গল্পটি আমার নিজের কাছেও অনেক ভালো লাগার। এটি দর্শক পছন্দ করছেন, সেটাও ভালো লাগার।’
অন্যদিকে, নাটকটি নিয়ে আরশ খান তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘এই গল্পের সঙ্গে অনেকের জীবনের গল্প মিলে যাবে। তেমন একটি পরিবারের গল্প। যেখানে সম্পর্কের একটি ভুল জীবন কোথায় নিয়ে যায়। এটি দর্শকের ভালো লাগবে।’
এর আগে আরশ-সুনেরাহ্ জুটির 'না বলা কথা', 'শ্যাওলা ফুল', 'প্রজাপতি মন' এবং 'কপালসহ' একাধিক নাটক দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল। তাঁদের আরও বেশ কিছু নাটক বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে।