পাকিস্তানি সংগীতশিল্পী ও অভিনেতা দানিয়াল জাফরের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য নূর ফাতিমার সঙ্গে তাঁর বাগ্‌দান সম্পন্ন হয়েছে বলে কয়েকটি অনলাইন পেজে দাবি উঠেছে। তবে এই বিষয়ে দানিয়াল বা নূর ফাতিমা কেউই এখন পর্যন্ত কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

সংগীত শিল্পী হিসেবেই ক্যারিয়ার শুরু হলেও পরে অভিনয়ে নাম লেখান দানিয়াল। ‘তানা বানা’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক ঘটে তাঁর। সম্প্রতি ‘জানজিরে’ ধারাবাহিকে অভিনয়ের সুবাদে তিনি আবারো আলোচনার শীর্ষে আসেন।

বাগ্‌দানের গুঞ্জন কীভাবে ছড়ায়?

একটি প্রতিবেদনে দাবি করা হয়, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বাগ্‌দান হয়েছে। তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ‘সেলেবস স্কুপ’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে দানিয়ালের ব্যক্তিজীবন নিয়ে তথ্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর ভক্তরা দানিয়াল ও নূর ফাতিমার সম্পর্কের বিভিন্ন ছবি ও পোস্ট খুঁজতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফ্যানপেজে দানিয়াল ও নূরকে নিয়ে নানা পোস্ট করা হচ্ছে। তাঁদের কিছু ছবি ও ভিডিওকে বাগ্‌দানের সম্ভাব্য সূত্র হিসেবেও তুলে ধরছেন অনেকে। তবে এসব ছবি বা ভিডিও থেকে তাঁদের বাগ্‌দান হয়েছে, এমনটি নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সংগীত দিয়েই শুরু

দানিয়ালের পরিচিতি প্রথমে সংগীতশিল্পী হিসেবে। ২০১৭ সালে ‘কোক স্টুডিও পাকিস্তান’-এর দশম মৌসুমে মোমিনা মুস্তেহসানের সঙ্গে ‘মুনতাজির’ গেয়েছেন দানিয়াল জাফর। একই মৌসুমে ভাই আলী জাফরের ‘জুলি’ গানেও গিটার বাজিয়েছেন তিনি।

শুধু গায়ক হিসেবে নন, গীতিকার, সুরকার ও গিটারবাদক হিসেবেও কাজ করেছেন দানিয়াল। ভাই আলী জাফরের সঙ্গে ২০১৮ সালের ‘তিফা ইন ট্রাবল’ ছবির সংগীতেও কাজ করেন।

অভিনয়ে অভিষেক

সংগীতের পর অভিনয়েও নিজের জায়গা তৈরি করেন দানিয়াল। ২০২১ সালে আলিজে শাহর সঙ্গে ‘তানা বানা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন নাটকে পরিচিতি পান তিনি। নাটকটিতে তিনি জেইন চরিত্রে অভিনয় করেন।

‘তানা বানা’ ছিল রোমান্টিক-কমেডি ঘরানার নাটক। এতে দানিয়াল ও আলিজে শাহর জুটি দর্শকদের নজর কাড়ে। এই বছর প্রচারে আসা ‘জানজিরে’ ধারাবাহিকে অভিনয় করেছেন দানিয়াল জাফর। এতে তাঁর সহশিল্পী সাজাল আলী ও আমির গিলানি।

সিরিয়ালটি এই বছরের ২৯ এপ্রিল থেকে প্রচারিত হচ্ছে। নাটকটির নির্মাতা শাহজাদ কাশমিরি, চিত্রনাট্য লিখেছেন ফারহাত ইশতিয়াক।