বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পুরান সিং এবং অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে বাগ্‌দান সম্পন্ন করেছেন। ইতালির ক্যাপ্রিতে অবকাশ যাপনের সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব জানান আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এই রোমান্টিক মুহূর্তের ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।

ক্যাপ্রির নীল জলরাশি এবং খাড়া পাহাড়ের এক মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সেই মুহূর্তে সমীক্ষার মুখে ছিল এক উজ্জ্বল হাসি। বাগ্‌দানের পর তাঁদের আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়েছে। ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়। অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটিটি দেখিয়েছেন। আংটিটিতে রয়েছে পান্নার মতো আকৃতির কাটা হীরা এবং সঙ্গে হলুদ সোনার নকশা করা ব্যান্ড।

ছবিগুলোর ক্যাপশনে আয়ুষ্মান ও সমীক্ষা লিখেছেন, “পৃথিবীর সব জায়গা আর সম্ভাব্য সব জীবনের মধ্যে তাঁরা একে অপরকে খুঁজে পেয়েছেন। প্রতিবারই তাঁরা একে অপরকে বেছে নেবেন। একসঙ্গে কাটাতে চান জীবনের প্রতিটি অধ্যায়।”

আয়ুষ্মান শেঠি হলেন অভিনেতা পারমিত শেঠি ও অভিনেত্রী অর্চনা পুরান সিংয়ের ছোট পুত্র। সম্প্রতি তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু করেছেন। সেখানে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের পাশাপাশি সমীক্ষার সঙ্গে তাঁর সম্পর্কের গল্পগুলোও তুলে ধরেন তিনি। মা-বাবা এবং বড় ভাই আর্যমান শেঠির সঙ্গে পারিবারিক ভিডিওতেও তাঁকে দেখা যায়।

অন্যদিকে, সমীক্ষা শেঠি মুম্বাইয়ের একজন যোগব্যায়াম প্রশিক্ষক এবং মানসিক সুস্থতাবিষয়ক প্রশিক্ষক। আইন বিষয়ে পড়াশোনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে যোগব্যায়াম ও সুস্থ জীবনযাপন নিয়ে তিনি নিয়মিত কনটেন্ট প্রকাশ করে থাকেন। একসময় অভিনেত্রী যোগিতা বিহানির মাধ্যমে আয়ুষ্মান ও সমীক্ষার পরিচয় হয় এবং পরবর্তীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। নিজেদের সম্পর্কের নানা ঘটনা নিয়ে ভিডিওতে কথা বলেছেন তাঁরা।

উল্লেখ্য, আয়ুষ্মানের আগে তাঁর বড় ভাই আর্যমান শেঠিরও বাগ্‌দান সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের আগস্টে অভিনেত্রী যোগিতা বিহানির সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন আর্যমান। নতুন বাড়ি দেখতে গিয়ে যোগিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর্যমান গায়ক, গীতিকার ও ইউটিউবার হিসেবেও পরিচিত।

সেই সময়ে অর্চনা পুরান সিং হবু পুত্রবধূ যোগিতাকে নিজের মায়ের কাছ থেকে পাওয়া একটি পারিবারিক আংটি উপহার দিয়েছিলেন। পারমিত শেঠিকে বিয়ের সময় আংটিটি অর্চনাকে দিয়েছিলেন তাঁর মা। এভাবেই পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা আংটিটি নতুন সম্পর্কের স্মারক হয়ে ওঠে।

যোগিতা বিহানি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন এবং ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় তাঁকে দেখা গেছে। আর্যমান ও যোগিতাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্ক ও একসঙ্গে কাটানো সময়ের নানা ঝলক ভাগ করে নেন।