রাত ১১টার কথা। ফেসবুকের একটি বিজ্ঞাপনে চোখ পড়ল মাহিরের (ছদ্মনাম)। একটি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছিলেন তিনি। দেখা গেল পণ্যটির রেটিং ৪.৯, আর নিচে মন্তব্যের ভিড়ে লেখা ‘অসাধারণ!’, ‘টাকা উশুল!’ জাতীয় প্রশংসার ছড়াছড়ি। তবে সব রিভিউগুলো যেন একই সুরে কথা বলছে, যা মাহিরের মনে খটকা তৈরি করল।

আসলে এটিই হলো এআই-লিখিত ভুয়া রিভিউ বা কৃত্রিমভাবে তৈরি পণ্য-মন্তব্য (ফেক রিভিউ)। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মাত্র কয়েক মিনিটের মধ্যেই শত শত ‘মানুষের মতো’ মন্তব্য তৈরি করে ফেলতে সক্ষম। এ বিষয়ে এআই শনাক্তকরণ সংস্থা পাংগ্রাম ল্যাবস একটি বিস্তারিত গবেষণা চালিয়েছে। আমাজনের ৫০০টি সর্বাধিক বিক্রিত পণ্যের প্রায় ৩০ হাজার রিভিউ বিশ্লেষণ করে তারা দেখেছে যে, এর মধ্যে ৩ শতাংশ রিভিউ এআই-এর মাধ্যমে লেখা। বিশেষ করে শিশুপণ্য এবং সৌন্দর্যসামগ্রীর মতো নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে এই হার প্রায় ৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এআই-লিখিত এই রিভিউগুলোর ৯৩ শতাংশেই ছিল ‘যাচাইকৃত ক্রয়’ সিলমোহর দেওয়া।

এমন ভুয়া প্রশংসায় (রিভিউ) ভরসা করে কেনা পণ্য ভুল বেরোলে টাকা ও সময় দুটিই যায়। আমাদের অনলাইন কেনাকাটাতেও একই আশঙ্কা থাকতে পারে।

ভুয়া রিভিউ চেনার কিছু লক্ষণ হতে পারে নিম্নরূপ:

● সব মন্তব্য একই ছাঁচে, অতি নিখুঁত।

● নির্দিষ্ট অভিজ্ঞতা নেই, শুধু সাধারণ প্রশংসা।

● হঠাৎ এক দিনে অনেক পাঁচ তারা।

সতর্ক থাকতে মাঝের রেটিংয়ের রিভিউগুলো পড়ুন, ছবিসহ মন্তব্য খুঁজুন, আর সম্ভব হলে পণ্য হাতে নিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নিন। এটি রিভিউ বনাম সন্দেহের দ্বন্দ্ব নয়, বরং বুঝে ভরসা করাটাই আসল বিষয়।