নতুন ল্যাপটপ কেনার পর প্রথম দিকে এটি অত্যন্ত দ্রুত এবং মসৃণভাবে কাজ করে। তবে সময়ের সাথে সাথে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ল্যাপটপের গতি কমে যায় এবং তা ধীরগতির হয়ে পড়ে। ল্যাপটপের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী করতে কিছু বিশেষ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।
ডিভাইসের ভেতর ও বাহির পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ল্যাপটপের কাছাকাছি খাবার বা পানীয় রাখা থেকে বিরত থাকা উচিত, কারণ এতে ডিভাইসের ক্ষতি হতে পারে। স্ক্রিন বা পর্দা পরিষ্কার করার জন্য নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা সবচেয়ে ভালো। এছাড়া ল্যাপটপের ভেন্ট বা বাতাসের রাস্তায় ধুলা জমলে তা ব্রাশ দিয়ে নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।
সঠিক বায়ুপ্রবাহ নিশ্চিত করা ল্যাপটপের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। বিছানা বা বালিশের মতো নরম স্থানে ল্যাপটপ রেখে কাজ করলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়, যার ফলে যন্ত্রটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে। তাই সবসময় টেবিল বা সমতল স্থানে ল্যাপটপ রেখে কাজ করা উচিত। এছাড়া ল্যাপটপ ব্যাগে রাখার আগে সেটি সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন।
ব্যাটারির দীর্ঘস্থায়ী স্বাস্থ্য বজায় রাখতে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। ব্যাটারি সারাক্ষণ ১০০ শতাংশ চার্জে রাখা উচিত নয়। পাশাপাশি, ব্যাটারি পুরোপুরি শূন্য বা জিরো হওয়া পর্যন্ত ব্যবহার করাও ক্ষতিকর।
সুরক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে। ল্যাপটপ বহনের সময় শক্ত ও প্যাডেড ব্যাগ ব্যবহার করা উচিত। ডিভাইসের ওপর কোনো ভারী বস্তু রাখা যাবে না। এছাড়া অতিরিক্ত তাপ, আর্দ্রতা এবং সরাসরি সূর্যালোক থেকে ল্যাপটপ দূরে রাখা প্রয়োজন।
সিস্টেমের গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে উইন্ডোজ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়মিত হালনাগাদ বা আপডেট রাখা জরুরি। অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল অপসারণের মাধ্যমে র্যাম ও স্টোরেজ খালি রাখা যায়। উইন্ডোজের স্টোরেজ সেন্স টুলের সাহায্যে সাময়িক ফাইলগুলো নিয়মিত ডিলিট করা উচিত। বড় ফাইলগুলো ক্লাউড স্টোরেজ বা এক্সটার্নাল ড্রাইভে সরিয়ে নিলে প্রসেসরের ওপর চাপ কমে।
ভাইরাস ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অচেনা কোনো লিংক বা অনির্ভরযোগ্য সোর্স থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। উইন্ডোজ ১১-এর বিল্ট-ইন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস সক্রিয় রাখলে ডিভাইস সুরক্ষিত থাকে।
সঠিক ব্যবহারের অভ্যাস ল্যাপটপের আয়ু বাড়াতে সাহায্য করে। দিনের পর দিন ল্যাপটপ স্লিপ মোডে না রেখে কয়েক দিন পরপর পূর্ণাঙ্গ রিস্টার্ট বা শাটডাউন দিলে ব্যাকগ্রাউন্ডের মেমোরি পরিষ্কার হয়। পাশাপাশি একসঙ্গে অনেকগুলো ভারী অ্যাপ চালিয়ে প্রসেসরে অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করতে হবে।
প্রাত্যহিক ব্যবহারে এই সহজ অভ্যাসগুলো গড়ে তুললে ল্যাপটপের কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকবে। সূত্র: আসুস।