দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে ব্র্যান্ড হেলিও। তারা তাদের নতুন মডেলের স্মার্টফোন ‘হেলিও ১৫০’ উন্মোচন করেছে, যার প্রধান আকর্ষণ হলো এর বিশাল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রিমিয়াম ক্যাটাগরির চিপসেট হেলিও জি২০০। এর পাশাপাশি রয়েছে ৮ গিগাবাইট র‍্যাম, আধুনিক ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। আকর্ষণীয় এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা।

হেলিও ১৫০ মডেলের স্মার্টফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ১২৬০ বাই ২৮০০ পিক্সেল রেজোল্যুশনের এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। ফলে গেম খেলা, ভিডিও দেখা কিংবা দৈনন্দিন ব্যবহারের সময় ব্যবহারকারীরা পাবেন অত্যন্ত উজ্জ্বল ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ডিসপ্লেটির স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪ শতাংশ, যা ফোনটিকে আরও বিস্তৃত ভিউ এবং আকর্ষণীয় রূপ দিয়েছে। এছাড়া চোখের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।

দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন অ্যানোড ব্যাটারি, যাতে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট রয়েছে। এই বিশাল ব্যাটারির সাথে দেওয়া হয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাথে থাকা ৪৪ ওয়াটের চার্জারের মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ১ ঘণ্টা ৪২ মিনিট। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করার সুবিধাও পাবেন গ্রাহকরা।

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য হেলিও ১৫০-এ রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যার সাথে যুক্ত করা হয়েছে ইআইএস প্রযুক্তি। হাত কাঁপা বা চলাফেরার সময় ছবি ও ভিডিওর স্থিরতা বজায় রাখতে এই ফিচারটি অত্যন্ত কার্যকর। এছাড়া রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ২কে রেজোল্যুশনে ভিডিও ধারণ, মোশন ফটো, ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিং এবং স্পোর্টস মোডের মতো আধুনিক ক্যামেরা সুবিধা যুক্ত করা হয়েছে।

পারফরম্যান্সের কথা মাথায় রেখে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ অক্টা-কোর প্রসেসর। এর সাথে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মাল্টিটাস্কিং আরও সহজ করতে ৮ গিগাবাইট ভার্চ্যুয়াল র‍্যাম ব্যবহারের সুযোগ রয়েছে, যার ফলে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেড র‍্যাম সুবিধা পাওয়া যাবে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

স্থায়িত্ব ও সুরক্ষার ক্ষেত্রেও ফোনটি বেশ শক্তিশালী। এতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে, যা ধুলাবালু ও পানির ছিটা থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে শট জেনসেশন কভার গ্লাস এবং ব্র্যান্ডটির নিজস্ব আয়রন গার্ড প্রযুক্তি। দ্রুত ও নিরাপদ আনলকিংয়ের জন্য এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।

দৈনন্দিন ব্যবহারের বাড়তি সুবিধা দিতে হেলিও ১৫০-এ যুক্ত করা হয়েছে এনএফসি, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ও ডুয়াল স্পিকার। ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে টিভি, এসি, প্রজেক্টরসহ বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া এতে রয়েছে ১৫০ মিটার পর্যন্ত অফলাইন ভয়েস চ্যাট সুবিধা, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই নির্দিষ্ট সীমার মধ্যে যোগাযোগ করা সম্ভব। বিশেষ করে ভ্রমণ, আউটডোর কার্যক্রম কিংবা দলগত কাজের ক্ষেত্রে এই ফিচারটি দারুণ কার্যকর হতে পারে।

অপারেটিং সিস্টেম হিসেবে হেলিও ১৫০-এ দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৬ এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ভার্সন হালনাগাদ পাওয়ার নিশ্চয়তা। নতুন ইউজার ইন্টারফেসের পাশাপাশি এতে সাইড অ্যাপ্লিকেশন বার, ডায়নামিক উইন্ডো, স্মার্ট স্ক্রিনশট, চিলড্রেন স্পেস এবং বিভিন্ন স্মার্ট অপ্টিমাইজেশন সুবিধা রাখা হয়েছে।

মাত্র ৭.৯৭ মিলিমিটার পুরুত্ব এবং ২০৭ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি ডিজাইন ও ব্যবহারের স্বাচ্ছন্দ্যের দিক থেকে গ্রাহকদের বাড়তি সন্তুষ্টি দেবে। ফোনটি ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও মিন্ট গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে। হেলিও এই স্মার্টফোনটির সাথে ১৫ মাসের বিক্রয়োত্তর সুবিধা এবং গ্রামীণফোনের বান্ডেল অফারও প্রদান করবে।

সামগ্রিকভাবে আধুনিক ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা, আধুনিক প্রসেসর এবং ব্যবহারিক স্মার্ট ফিচারের সমন্বয়ে ‘হেলিও ১৫০’ স্মার্টফোনটি ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে।