বাংলাদেশে পারসোনাল কম্পিউটার (পিসি) ও ল্যাপটপ ব্যবহারের হার বর্তমানে মাত্র ১১ দশমিক ৭ শতাংশ। এর অর্থ হলো, দেশের প্রায় ৮৮ শতাংশ মানুষের কাছে কম্পিউটার নেই। তবে এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রতিদিন অনলাইনে কাজ করছেন, অর্থ উপার্জন করছেন, পড়াশোনা করছেন এবং ব্যবসা পরিচালনা করছেন। আর এই সবকিছুই তাঁরা করছেন হাতের স্মার্টফোন ব্যবহার করে। এই একটি পরিসংখ্যানই প্রমাণ করে যে, বাংলাদেশে স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং লাখ লাখ মানুষের জন্য এটি প্রাথমিক কম্পিউটিং যন্ত্রে পরিণত হয়েছে। দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি এখন আর কেবল কাগজে-কলমের নীতিমালায় সীমাবদ্ধ নেই, বরং তা নির্ভরশীল মানুষের হাতের এই ছোট যন্ত্রটির ওপর। এই বাস্তবতার কথা মাথায় রেখে স্মার্টফোনকে বিলাসপণ্য হিসেবে গণ্য করে ৬৪ দশমিক ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে রাখার নীতিটি এখন কতটা যৌক্তিক, সেই প্রশ্নটি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।

স্মার্টফোনকে বিলাসপণ্য হিসেবে গণ্য করে ৬৪ দশমিক ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে রাখার নীতিটি আর কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন এখন জরুরি হয়ে উঠেছে।

ফ্রিল্যান্সিং খাতের কথা বিবেচনা করা হলে দেখা যায়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্রিল্যান্সার রপ্তানিকারক দেশ। লাখের বেশি তরুণ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো পেশায় নিয়োজিত হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাঁদের মধ্যে একটি বড় অংশ, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের ফ্রিল্যান্সাররা স্মার্টফোনের মাধ্যমেই তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। অনলাইন মিটিং, ডকুমেন্ট সম্পাদনা, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ এবং এমনকি কোড পর্যালোচনা করার মতো কাজগুলো স্মার্টফোনে করা এখন আর অস্বাভাবিক কিছু নয়। ঢাকার বাইরে কর্মরত একজন ফ্রিল্যান্সারের জন্য একটি উন্নত স্মার্টফোন মানে কেবল একটি ফোন নয়, বরং এটিই তাঁর অফিস, ক্লায়েন্ট পোর্টাল এবং আয়ের একমাত্র উৎস। এই কাজগুলো যথাযথভাবে করার জন্য সাধারণ স্মার্টফোন যথেষ্ট নয়; প্রয়োজন শক্তিশালী প্রসেসর, পর্যাপ্ত র‍্যাম এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সমৃদ্ধ ফোন। অর্থাৎ, মাঝারি থেকে উচ্চমূল্যের একটি যন্ত্র। কিন্তু সেই যন্ত্রটির দাম যদি আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি হয়, তবে একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য পেশাদার কাজে প্রবেশের পথটি কঠিন হয়ে পড়ে। উচ্চ শুল্কহার কেবল ব্যবসায়ীদেরই ক্ষতিগ্রস্ত করছে না, বরং তরুণ প্রজন্মের ডিজিটাল কর্মসংস্থানের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে।

কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও প্রকট। বাংলাদেশে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম কেন্দ্রিক কনটেন্ট নির্মাণ এখন একটি স্বীকৃত পেশা। হাজার হাজার তরুণ এই পেশায় যুক্ত আছেন এবং প্রতিদিন নতুন নতুন মানুষ এখানে যোগ দিচ্ছেন। একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রধান হাতিয়ার হলো তাঁর স্মার্টফোন। মানসম্মত ভিডিও ধারণ, ছবি তোলা, ভিডিও এডিটিং এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট পরিচালনার জন্য উন্নত ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরের ফোন অপরিহার্য। আগে যে প্রযুক্তি কেবল দামি ক্যামেরায় পাওয়া যেত, আজ তা মাঝারি দামের স্মার্টফোনেই সম্ভব। কিন্তু উচ্চ করভারের কারণে সেই ফোনটিও একজন নতুন ক্রিয়েটরের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীদের অবস্থাও একই। পণ্যের ছবি ও ভিডিও তৈরি, ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন—সবই তাঁরা স্মার্টফোনের মাধ্যমে করছেন। এটিই তাঁদের জীবিকার মূল উপকরণ।

“সেই যন্ত্রটির দাম যদি আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি হয়, তাহলে একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য পেশাদার কাজে প্রবেশের সুযোগটিও কঠিন হয়ে পড়ে। উচ্চ শুল্কহার তাই কেবল ব্যবসায়ীদের ক্ষতি করছে না, এটি তরুণ প্রজন্মের ডিজিটাল কর্মসংস্থানের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

শিক্ষার্থীদের বিষয়টিও এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। কোভিড পরবর্তী সময়ে অনলাইন শিক্ষা বাংলাদেশে একটি নতুন স্বাভাবিকতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিও ক্লাস দেখা, ডিজিটাল নোট তৈরি, গবেষণা, অনলাইনে পরীক্ষা দেওয়া এবং শিক্ষাসামগ্রী ডাউনলোড করার জন্য একটি সক্ষম স্মার্টফোন এখন অনেক শিক্ষার্থীর একমাত্র অবলম্বন। বিশেষ করে ঢাকার বাইরে, যেখানে ইন্টারনেট ক্যাফে বা ল্যাপটপের সহজলভ্যতা নেই, সেখানে স্মার্টফোনই শিক্ষার নতুন দুয়ার খুলে দিয়েছে। একটি ভালো স্মার্টফোন না থাকলে একজন মেধাবী শিক্ষার্থী ডিজিটাল শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন; আর এই বঞ্চনার কারণ তাঁর মেধার সীমাবদ্ধতা নয়, বরং একটি নীতিগত সিদ্ধান্ত।

এখন প্রশ্ন জাগে, একটি ভালো স্মার্টফোন কিনতে এই সাধারণ মানুষের কত খরচ হয়? বর্তমানে বাংলাদেশে স্মার্টফোন আমদানিতে মোট করভার ৬৪ দশমিক ২৫ শতাংশ। এই বিশাল করের ফলে বাংলাদেশে স্মার্টফোনের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি হয়ে থাকে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে এই পার্থক্য আরও স্পষ্ট হয়। যেমন, শ্রীলঙ্কায় স্মার্টফোন আমদানিতে শুল্ক শূন্য শতাংশ। বাংলাদেশের মতো একই অর্থনৈতিক পরিসরে থাকা নেপালে এই শুল্ক মাত্র ১৩ শতাংশ। এর অর্থ হলো, নেপাল বা শ্রীলঙ্কার একজন কনটেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার যে ফোনটি অনেক কম দামে কিনতে পারছেন, বাংলাদেশের একজন তরুণকে সেই একই ফোনের জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতিতে এই অতিরিক্ত খরচ একটি কাঠামোগত অসুবিধায় পরিণত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের হার ৪৫ শতাংশ। বিপরীতে প্রতিবেশী নেপালে এই হার ৭৩ শতাংশ, পাকিস্তানে ৭২ শতাংশ এবং নাইজেরিয়ায় ৭৫ শতাংশ। লক্ষণীয় বিষয় হলো, এই তিন দেশের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। নেপালের মাথাপিছু আয় ১ হাজার ৫৩৫ মার্কিন ডলার, পাকিস্তানের ১ হাজার ৯০০ ও নাইজেরিয়ার ১ হাজার ৫৯৪ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৮৬৬ মার্কিন ডলার। অর্থাৎ, বাংলাদেশ মাথাপিছু আয়ের দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও স্মার্টফোন ব্যবহারের হারে পিছিয়ে আছে। এই পার্থক্যের পেছনে ফোনের শুল্কজনিত মূল্যবৃদ্ধি একটি প্রধান কারণ। স্মার্টফোন ব্যবহারের হার কম থাকার অর্থ হলো ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের হারও কম। ফ্রিল্যান্সিং, ই-কমার্স, ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন শিক্ষা—প্রতিটি ক্ষেত্রেই এই ঘাটতি বাংলাদেশকে পিছিয়ে রাখছে।

২০২৭ সালে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালু হওয়ার কথা রয়েছে; এই উদ্যোগটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। তবে এনইআইআর বাস্তবায়নের আগে যদি শুল্ক কাঠামোর সংস্কার করা না হয়, তবে বৈধ বাজারে ফোনের দাম আগের মতোই বেশি থাকবে। ফলে ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজের উপকরণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে। ডিজিটাল অর্থনীতির প্রকৃত বিকাশ ঘটাতে হলে এই জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সক্ষম রাখতে হবে এবং তাঁদের হাতে সাশ্রয়ী মূল্যে ডিভাইস পৌঁছানোর উপায় নিশ্চিত করতে হবে।

“বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের হার ৪৫ শতাংশ। প্রতিবেশী নেপালে এই হার ৭৩ শতাংশ, পাকিস্তানে ৭২ শতাংশ ও নাইজেরিয়ায় ৭৫ শতাংশ। লক্ষণীয় বিষয় হলো, এই তিন দেশের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। নেপালের মাথাপিছু আয় ১ হাজার ৫৩৫ মার্কিন ডলার, পাকিস্তানের ১ হাজার ৯০০ ও নাইজেরিয়ার ১ হাজার ৫৯৪ ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৮৬৬ মার্কিন ডলার।”

স্মার্টফোন এখন আর কোনো বিলাসপণ্য নয়, বরং এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। লাখ লাখ ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তার জীবন ও জীবিকা এই একটি ডিভাইসের সাশ্রয় ও সহজলভ্যতার ওপর নির্ভরশীল। এই বাস্তবতাকে স্বীকার করে ফোনের শুল্কনীতি পর্যালোচনা করা এখন সময়ের দাবি।

— মোহা. রিদোয়ানুল হক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মেরিট স্কলার।