দেশের স্মার্টফোন বাজারে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরার বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ‘ভি৮০’ মডেলের নতুন স্মার্টফোনটি নিয়ে এসেছে ভিভো বাংলাদেশ। এই ফোনের ক্যামেরায় ৮৫ ও ১০০ মিলিমিটারের পোর্ট্রেট অপশন যুক্ত করা হয়েছে, যার ফলে ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ব্লার করে মূল ব্যক্তিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা পেশাদার মানের স্থিরচিত্র তোলার পাশাপাশি উচ্চ রেজোল্যুশনের ভিডিও ধারণ করতে পারবেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভিভো বাংলাদেশ এই তথ্যটি নিশ্চিত করেছে।

প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ফোনটি অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। এতে রয়েছে ৭ হাজার ২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জ দিলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সম্ভব। এছাড়া ফোনটিতে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে অত্যন্ত দ্রুত গতিতে চার্জ করা যায়। ফলে ব্যবহারকারীকে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন হতে হবে না।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে ১ দশমিক ৫কে রেজোল্যুশনের ১৪৪ হার্টজের আই প্রটেকশন সুবিধা দেওয়া হয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যবহারের সময় চোখের সুরক্ষা নিশ্চিত করে এবং কোনো ক্ষতি হতে দেয় না। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি এতে ৮ গিগাবাইট র‍্যাম এবং সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ বা ধারণক্ষমতা রয়েছে। ফলে মাল্টিটাস্কিং বা বিভিন্ন কাজ করার পাশাপাশি অনায়াসে ভিডিও দেখা সম্ভব হবে।

আকর্ষণীয় নকশার এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে সংস্করণভেদে ৭৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮৯ হাজার ৯৯৯ টাকা। দেশের যেকোনো প্রান্ত থেকে ফোনটি কেনার জন্য আগাম ফরমাশ দেওয়া যাবে। এছাড়া ক্রেতাদের সুবিধার জন্য বাড়তি কোনো খরচ ছাড়াই সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রাখা হয়েছে।