দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী প্রসেসর সমৃদ্ধ নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটির নতুন এই মডেল 'রেডমি ১৭ ফাইভ–জি'-তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। ফলে ব্যবহারকারীরা অত্যন্ত দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি মাল্টিটাস্কিং বা একসঙ্গে একাধিক কাজ অনায়াসেই করতে পারবেন।
ব্যাটারির সক্ষমতার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ফোনে। এতে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দীর্ঘসময় ব্যবহারের নিশ্চয়তা দেয়। এছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য এতে যুক্ত করা হয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা, যার ফলে খুব অল্প সময়েই ফোনটি চার্জ করা সম্ভব। শাওমি বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শাওমির পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ফোনটি শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এতে দেওয়া হয়েছে ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ বা ধারণক্ষমতা। শক্তিশালী প্রসেসরের সাথে দ্রুতগতির র্যামের সমন্বয় থাকায় ফোনটিতে বিভিন্ন জটিল কাজ করার পাশাপাশি উচ্চমানের ভিডিও দেখা যাবে কোনো বাধা ছাড়াই।
ডিসপ্লের কথা বলতে গেলে, ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির একটি বড় পর্দা। এর রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় ব্যবহারকারীরা অত্যন্ত স্বচ্ছ ও উন্নত মানের ছবি এবং ভিডিও উপভোগ করতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে পেছনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
স্থায়িত্বের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স প্রযুক্তি। এই বিশেষ প্রযুক্তির কারণে দীর্ঘদিনের ব্যবহারেও ফোনের স্ক্রিনে দাগ পড়ার সম্ভাবনা কম এবং হাত থেকে পড়ে গেলেও সহজে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে না। আকর্ষণীয় দুটি ভিন্ন রঙে বাজারে আসা এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।