শক্তিশালী কার্যক্ষমতার পাশাপাশি বর্তমান সময়ে হালকা ও বহনযোগ্য ডিভাইসের চাহিদা বাড়ছে। গ্রাহকদের এই চাহিদা মেটাতে বাংলাদেশের বাজারে আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা সিরিজ ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বিশেষ করে করপোরেট ব্যবস্থাপনা, এক্সিকিউটিভ, ব্যবসায়ী এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এই ল্যাপটপটি অত্যন্ত উপযোগী।
আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রার বিভিন্ন মডেলে ব্যবহৃত হয়েছে ইনটেল কোর আলট্রা ৫_৩২৫, আলট্রা এক্স৭_৩৫৮এইচ ও আলট্রা এক্স৯_৩৮৮এইচ প্রসেসর এবং শক্তিশালী ইনটেল আর্ক জিপিইউ। এআই কম্পিউটিং সক্ষমতার পাশাপাশি এতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ+ (২৮৮০×১৮০০) ৩কে ট্যানডেম ও এলইডি টাচ মনিটর। এর উজ্জ্বলতা ৬০০-১৪০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা কাচ ভিকটাস ও গরিলা ম্যাট ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটির স্ক্রিন-টু-বডি রেশিও ৯১ শতাংশ এবং এর বডি ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যাতে যুক্ত আছে ন্যানো সিরামিক প্রযুক্তি ও স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা। ডিভাইসটি মর্ন গ্রে ও জেট ফগ রঙে পাওয়া যাচ্ছে।
দ্রুত ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে দেওয়া হয়েছে ১৬/৩২ জিবি র্যাম এবং ৫১২ জিবি/১ টিবি এসএসডি। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, থান্ডারবোল্ট ৪, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১।
মাত্র ৯৯০ গ্রাম ওজনের এই ল্যাপটপটিতে আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, উইন্ডোজ হ্যালো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বায়োস প্রোটেকশন ও টিপিএম ২.০ যুক্ত করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৯০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ব্যাকলিট কি–বোর্ড, হ্যাপটিক টাচপ্যাড এবং ডলবি অ্যাটমস–সমর্থিত ছয়টি স্পিকার। তিন বছরের ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৫২ হাজার টাকা। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে এটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।