দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ ৩ প্রসেসর সমৃদ্ধ লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২–ইন–১ ১৪আইপিএইচ১১’ মডেলের এই ল্যাপটপটিতে কোপাইলট চ্যাটবট যুক্ত করা হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা অত্যন্ত সহজেই বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারবেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ৩৬০ ডিগ্রি কনভার্টেবল ২–ইন–১ সুবিধার এই স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইটের পিসিআই–ই জেন৪ এনভিএমই এসএসডি ব্যবহার করা হয়েছে। এই শক্তিশালী কনফিগারেশনের ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে বিভিন্ন সফটওয়্যার চালুর পাশাপাশি যেকোনো ফাইল দ্রুত আদান–প্রদান করতে পারবেন। এছাড়া এতে ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিকস কার্ড থাকায় ল্যাপটপটিতে উন্নত রেজোল্যুশনের ভিডিও গেম খেলা এবং উচ্চ মানের ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে চমৎকার।

ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ আইপিএস পর্দা, যা মাল্টি–টাচ সমর্থন করে। ফলে ল্যাপটপটির স্পর্শনির্ভর পর্দায় লেনোভো পেন জেন ২ ব্যবহার করে খুব সহজেই নোট নেওয়া, স্কেচ আঁকা এবং অন্যান্য সৃজনশীল কাজ করা সম্ভব। অডিওর জন্য এতে রয়েছে ডলবি অডিও স্টেরিও স্পিকার। পাশাপাশি শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম, ওয়াই–ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ইউএসবি এ ও সি পোর্ট এবং এসডি কার্ড রিডারসহ প্রয়োজনীয় সব ধরনের পোর্ট এতে যুক্ত করা হয়েছে।

দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে দেওয়া হয়েছে ৬০ ওয়াট/আওয়ার ব্যাটারি এবং ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার। ল্যাপটপটির নির্ধারিত মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকা, যার সাথে থাকছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। এছাড়া ল্যাপটপটির সাথে থাকা অ্যাডাপ্টারের জন্য এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।