দেশের বাজারে লেনোভোর এলওকিউ সিরিজের দুটি অত্যাধুনিক গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মডেল দুটির কথা জানিয়েছে। ল্যাপটপ দুটির মডেল নম্বর হলো ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’।
উভয় মডেলের ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে ১৪তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর। এই শক্তিশালী প্রসেসরের কারণে ব্যবহারকারীরা খুব সহজেই উচ্চমানের গেম খেলতে পারবেন। পাশাপাশি দ্রুত গতিতে ভিডিও সম্পাদনা এবং মাল্টিটাস্কিং বা একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা পাওয়া যাবে এই ডিভাইসে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, ল্যাপটপ দুটির প্রতিটি মডেলেই ১৬ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ বা ধারণক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। পর্দার উজ্জ্বলতা ৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় ব্যবহারকারীরা অত্যন্ত স্বচ্ছ ও উন্নতমানের ছবি এবং ভিডিও উপভোগ করতে পারবেন।
ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে ল্যাপটপগুলোতে যুক্ত করা হয়েছে ২৪ জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও এবং প্রাইভেসি শাটার। ভিডিও কলের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম। দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ল্যাপটপ দুটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি, আরজে৪৫ ল্যান এবং ইথারনেট পোর্টের মতো প্রয়োজনীয় সব কানেক্টিভিটি অপশন রাখা হয়েছে।
মডেল দুটির মধ্যে মূল পার্থক্য লক্ষ্য করা যায় গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। লেনোভো ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ।
বাজারে এই ল্যাপটপ দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২ লাখ ১৭ হাজার টাকা এবং ২ লাখ ২৫ হাজার টাকা।