কল্পনা করুন, রাত তখন দুইটা। সৌদি আরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ পরিবর্তিত হয়ে গেল। ওই নির্দিষ্ট ফ্লাইটে টিকিট কেটেছেন একটি ট্রাভেল এজেন্সির বেশ কয়েকজন উমরাহ যাত্রী। মক্কার হোটেল বুকিং, বিমানবন্দর থেকে যাতায়াতের গাড়ি এবং ভিসার তারিখ—সবকিছুই সাজানো হয়েছিল আগের সময়সূচি অনুযায়ী। এখন এই জরুরি খবরটি এজেন্সির কাছে কত দ্রুত পৌঁছাবে, তার ওপরই নির্ভর করছে যাত্রীদের পুরো সফরটি কেমন হবে। যদি খবর পেতে দেরি হয়, তবে যাত্রীদের হয়তো বিমানবন্দরে গিয়েই জানতে হবে যে তাঁদের ফ্লাইট আর আগের সময়ে নেই।
একটি ট্রাভেল এজেন্সির জন্য এই ধরনের জরুরি পরিবর্তনে সাড়া দিতে একসময় চার ঘণ্টা সময় লাগত। কিন্তু এখন তা সম্ভব হচ্ছে মাত্র ১২ মিনিটে। যাত্রার আগে সময়সূচি পরিবর্তনের খবর শনাক্ত করার হার ৬২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৯৭ শতাংশে। এই অভাবনীয় পরিবর্তনের নেপথ্যে রয়েছে একটি বিশেষ সফটওয়্যার, যা তৈরি করা হয়েছে ঢাকার পল্লবীতে বসে। প্রতিষ্ঠানটির নাম ইনোভেট সলিউশন। ২০১৩ সালে ঢাকায় যাত্রা শুরু করা এই ভ্রমণ প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার বর্তমানে ৪০টির বেশি দেশের ৬ হাজার ২০০-এর বেশি ভ্রমণ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। এই পণ্যের নকশা, প্রকৌশল এবং গ্রাহক সেবা—সবই পরিচালিত হয় ঢাকার গবেষণা ও উন্নয়নকেন্দ্র থেকে।
এক প্ল্যাটফর্মে অসংখ্য সংযোগ
একটি ট্রাভেল এজেন্সির দৈনন্দিন বড় চ্যালেঞ্জ হলো অসংখ্য সরবরাহকারী, প্রযুক্তি এবং ব্যবসায়িক কার্যক্রমকে একসঙ্গে সামলানো। বুকিংয়ের তথ্য, এজেন্ট ব্যবস্থাপনা, হিসাব-নিকাশ, কমিশন, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সরবরাহকারীর সিস্টেমের সঙ্গে সংযোগ—এসব আলাদা আলাদাভাবে পরিচালনা করতে গেলে সময় ও খরচ উভয়ই বৃদ্ধি পায়।
ইনোভেট সলিউশন এই জটিলতা দূর করতে একটি সমন্বিত প্রযুক্তি অবকাঠামো তৈরি করেছে। তাদের প্ল্যাটফর্মে যুক্ত আছে ১১০টির বেশি সরবরাহকারীর সংযোগ। এর মধ্যে রয়েছে ৩৭টি এনডিসি সংযোগপ্রাপ্ত বিমান সংস্থা এবং অ্যামাডিউস, ট্রাভেলপোর্ট ও সাবরের মতো বৈশ্বিক ট্রাভেল প্রযুক্তি নেটওয়ার্ক।
গ্রাহকদের তালিকায় রয়েছে ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, কনসোলিডেটর, ট্যুর অপারেটর এবং উমরাহ ও হজ এজেন্সি। প্রতিষ্ঠানটি অ্যামাডিউস, ট্রাভেলপোর্ট, হোটেলবেডস ও রেটহকের স্বীকৃত অংশীদার এবং সাবরের সঙ্গেও যুক্ত। এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই ও ফ্লাইনাসের মতো বিমান সংস্থার সঙ্গেও তারা কাজ করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি মেটার যাচাইকৃত প্রযুক্তি সরবরাহকারী হিসেবে স্বীকৃত।
বুকিং থেকে হিসাব সব এক ছাদের নিচে
একটি ট্রাভেল ব্যবসার দিন শুরু হয় গ্রাহকের বার্তা দিয়ে এবং শেষ হয় হিসাবের খাতায়। এর মধ্যবর্তী সময়ে থাকে বুকিং, এজেন্ট পরিচালনা, ভিসার কাজ, গ্রাহক সেবা এবং লেনদেন। ইনোভেট সলিউশনের সফটওয়্যারগুলো এই পুরো প্রক্রিয়াটিকে একটি সমন্বিত ব্যবস্থায় নিয়ে এসেছে। তাদের মূল প্ল্যাটফর্ম হলো ইনোট্রাভেলটেক। এখানে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বুকিং, বিতরণ, এজেন্ট ব্যবস্থাপনা, কমিশন ও মুনাফার হিসাব—সবই সম্পন্ন হয় এক জায়গায়। যেসব প্রতিষ্ঠান নিজেদের নামে বুকিং ওয়েবসাইট চালাতে আগ্রহী, তাদের জন্য রয়েছে রিজারভেশনহাব। এটি মাসিক ভাড়ায় অনলাইন সেবা হিসেবে অথবা পুরো সোর্স কোডসহ কেনা সম্ভব।
উমরাহ এজেন্সিগুলোর জন্য রয়েছে বিশেষায়িত প্ল্যাটফর্ম উমরাহকোর। এর মাধ্যমে প্যাকেজ, ভিসা, যাত্রীর তথ্য এবং পরিবহন—সবকিছু এক জায়গা থেকে পরিচালনা করা যায়।
গ্রাহকের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, এসএমএস ও ই–মেইলকে তারা এনেছে একটি একক ইনবক্সে। ফলে সব মাধ্যমের বার্তা এবং দলের কাজ এক জায়গা থেকেই সামলানো সম্ভব হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ভ্রমণ সহকারী ট্রাভোপাইলট ফ্লাইট খোঁজে, হোটেলের দাম তুলনা করে এবং ভিসার নিয়ম যাচাই করে দেয়।
হিসাবরক্ষা ও আর্থিক ব্যবস্থাপনার জন্য রয়েছে ট্রাভোবুকস। আর ট্রাভেল রেভিনিউ ইন্টেলিজেন্স (টিআরআই) দেখায় কোন এজেন্ট কত আয় করছেন, তাঁদের বাকির সীমা, মূল ভাড়ার ওপর যোগ করা মুনাফা, এয়ারলাইনের জরিমানার নোটিশ আর সার্বিক মুনাফা। এ ছাড়া হোটেল পরিচালনা ও কক্ষের হিসাব রাখার জন্য আছে বেডসকি। হোটেলের দাম সাশ্রয়ে আছে ড্রপ ক্যাচ, আর যাত্রী আনা-নেওয়ার গাড়ির কাজ সামলায় ট্রান্সফারআর্ক।
ঢাকা থেকে বিশ্ববাজারে
একটি শহরের ছোট দল থেকে শুরু করে ইনোভেট সলিউশনের এখন তিন দেশে তিনটি কার্যালয় রয়েছে। ২০২৫ সালে সংযুক্ত আরব–আমিরাতের রাস আল খাইমাহতে খোলা হয় মধ্যপ্রাচ্য কার্যালয়। ২০২৬ সালে সিঙ্গাপুরে চালু হয় বৈশ্বিক সদর দপ্তর।
তবুও তাদের শিকড় রয়ে গেছে ঢাকাতেই। প্রকৌশল, গবেষণা এবং পণ্য উন্নয়নের কাজ এখানে সম্পন্ন হয়। ১০টি বিভাগে কর্মরত ১২০ জনের বেশি কর্মীর বেশির ভাগই ঢাকায় বসে কাজ করেন। প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। পণ্যের মধ্যেও দেশের ছাপ স্পষ্ট। কোন ব্যবসার জন্য কোন পণ্য উপযুক্ত, তা জানাতে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শক ইংরেজি, আরবি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও কথা বলে।
বাংলাদেশি প্রকৌশলীরা বিশ্বমানের সফটওয়্যার বানাতে পারেন
ইনোভেট সলিউশনের প্রধান নির্বাহী মো. আবদুস সামাদ মুক্তকণ্ঠকে বলেন, “২০১৩ সালে আমরা ঢাকায় একটি সহজ বিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশি প্রকৌশলীরা একটি বৈশ্বিক শিল্পের জন্য বিশ্বমানের সফটওয়্যার বানাতে পারেন। আজ ৪০টির বেশি দেশের ট্রাভেল ব্যবসা বাংলাদেশে আমাদের দলের তৈরি প্রযুক্তিতে চলছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি মুক্তকণ্ঠকে বলেন, “আমাদের লক্ষ্য এখানকার দলটিকে আরও বড় করা। আর সব জায়গার ট্রাভেল এজেন্সি যাতে আরও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা চালাতে, খরচ কমাতে ও মুনাফা ধরে রাখতে পারে, সেই সহায়তা দেওয়া।”
মো. আবদুস সামাদ জানান, রিজারভেশনহাবের মাসিক প্যাকেজ শুরু হয় ৯৯ ডলার থেকে। উমরাহকোরের মাসিক খরচ শুরু ৫১ মার্কিন ডলার থেকে। সোর্স কোডসহ কিনলে দাম নির্ধারিত হয় প্রকল্পভেদে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।
রাত দুইটায় বদলে যাওয়া একটি ফ্লাইটের খবর যখন মাত্র ১২ মিনিটে এজেন্সির টেবিলে পৌঁছে যায়, তখন কয়েক ডজন যাত্রীর যাত্রা এলোমেলো হওয়া থেকে বেঁচে যায়। সেই ১২ মিনিটের পেছনে যে কোড কাজ করে, তা লেখা হয় ঢাকার পল্লবীতে।