রাজধানীর রমনা এলাকায় শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১টা থেকে দুইটার মধ্যে এই ঘটনা সংঘটিত হয়।

রমনা বিভাগের সহকারি কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মুক্তকণ্ঠকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।"

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন ধরে। পরে স্থানীয়রা এসে আগুন নেভান। এই ঘটনায় বাসের সিটগুলো পুড়ে গেছে।

ওসি হাসান বাসি আরও বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"