নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্ক করা অবস্থায় নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে পার্ক করে রাখা বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া মুক্তকণ্ঠকে বলেন, "পার্ক করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিয়ার রহমান মুক্তকণ্ঠকে বলেন, "অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ এবং এতে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।"