নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে মো. রনি (৪১) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নাসিকের ১নং ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর অভিযুক্ত আল আমিন পুনরায় ঘটনাস্থলে ফিরে আসেন এবং উপস্থিত স্থানীয়দের সামনেই রনিকে হত্যার কথা স্বীকার করেন। এই ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
নিহত মো. রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের পুত্র। অন্যদিকে, অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রোববার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন রনি। সেই সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করা এবং কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা তৈরি হয়। এরই একপর্যায়ে আল আমিন একটি ধারালো ছুরি দিয়ে রনির শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, রনির শরীরে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডের পরপরই আল আমিন ঘটনাস্থল ত্যাগ করেন। তবে প্রায় ৩০ মিনিট পর তিনি পুনরায় সেখানে ফিরে আসেন এবং উপস্থিত লোকজনের সামনেই রনিকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। তাদের ভাষ্যমতে, আল আমিনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরেই রনির সঙ্গে তার বিরোধ চলছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে রনির মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আল আমীনকে আটক করে থানায় রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলে দিয়েছেন, সে তথ্যও পাওয়া গেছে। সেটি উদ্ধারে পুলিশ কাজ করছে।"
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক মুক্তকণ্ঠকে বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তায় চলার পথে এক নারীর সঙ্গে রনি খারাপ আচরণ করেছিলেন বলে দাবি করেছেন আল আমিন। এর প্রতিবাদ করলে রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছেন। তবে অভিযুক্তের কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা রয়েছে। তার দেওয়া বক্তব্য যাচাই করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।"