রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার পৃথক ছয়টি ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসব মিছিল চলাকালীন অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “দিনের বিভিন্ন সময় রাজধানীর মিরপুর, শনির আখড়া ও ডেমরার ছয়টি স্থানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা–কর্মীরা। এ সময় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ অভিযান চালিয়ে মিছিল থেকে ১৭ জনকে আটক করে। তাঁদের মধ্যে মিরপুর মডেল থানা ৮ জন, দারুসসালাম ২ জন, যাত্রাবাড়ী ৩ জন, ডেমরা ৩ জন ও তুরাগ থানা ১ জনকে আটক করে। পুলিশ তাঁদের কাছ থেকে কিছু ককটেল জব্দ করেছে।”

অন্যদিকে, ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক উপাদানাবলি আইনের অধীনে দায়ের করা একটি মামলায় যুবলীগের কর্মী মো. হৃদয় আহমেদ ওরফে কালাকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল আরোহী অবস্থায় রাস্তায় ককটেল ছুড়ে মেরেছিলেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিল থেকে আটক ১৭ জন এবং হৃদয় আহমেদসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রেরণ করা হবে।

ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার

রাজধানীর কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে শুক্রবার দুপুরে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ।

ডিএমপি জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় ট্রাফিক পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। পরবর্তীতে তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।