রাজধানীর পল্লবী এলাকায় ছিনতাইকারীদের হামলায় সজীব হোসাইন (২২) নামের এক যুবক মারা গেছেন। গত বুধবার ভোরে কাইল্লার বস্তি এলাকায় এই হামলা চালানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
নিহত সজীব পেশায় গেঞ্জি বিক্রেতা ছিলেন। তিনি মিরপুরের ওয়াপদা বিল্ডিং বেনারসিপল্লি এলাকায় পরিবারের সাথে থাকতেন। তাঁর বাবার নাম মৃত সেলিম হোসাইন। দুই ভাইয়ের মধ্যে সজীব ছিলেন জ্যেষ্ঠ এবং তাঁর একটি ছেলে রয়েছে।
পল্লবী থানার উপপরিদর্শক রাশেদ আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, "ছিনতাইকারীর ছুরিকাঘাতে সজীব আহত হন।" পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সজীবের মামাতো বোন শারমিন জানান, ছিনতাইকারীরা সজীবের পিঠের ডান পাশে ও বুকে ছুরিকাঘাত করে তাঁর মুঠোফোন নিয়ে যায়।