রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছে হাইকোর্ট। তবে এই মামলায় তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। আদালত তাদের রায়ে উল্লেখ করেছে যে, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই সবচেয়ে উপযুক্ত শাস্তি।
মামলার নথি ও সাক্ষ্য পর্যালোচনায় দেখা গেছে, সোহেল রানা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানে তাঁর স্ত্রী স্বপ্না খাতুন তাঁকে ধর্ষণ কিংবা অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন—এমন একটি শব্দেরও উল্লেখ নেই। সোহেল রানার এই জবানবন্দি, সাক্ষ্য এবং আইনি দিকগুলো বিবেচনা করেই স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট।
গত ১৯ মে পল্লবীতে শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায়, অর্থাৎ গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। সেই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।
এরপর গত ৯ জুন বিচারিক আদালতের রায়সহ প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। অন্যদিকে, ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে সোহেল ও স্বপ্না পৃথক জেল আপিল করেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত দীর্ঘ শুনানির পর আদালত এই রায় প্রদান করেন।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় তাঁদের দণ্ড দিয়েছিল। আইনের ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী কার্যকলাপের ফলে মৃত্যু হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আর ৩০ ধারায় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তির কথা বলা হয়েছে।
হাইকোর্ট তাদের রায়ে বলেছে, ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে ৯(২) ও ৩০ ধারায় দণ্ড দিলেও বাস্তবতায় একজন নারীর পক্ষে আট বছরের শিশুকে ধর্ষণের ক্ষেত্রে তাঁর স্বামীকে সহযোগিতা করা অসম্ভব। সোহেল রানা তাঁর স্বীকারোক্তিতে নিজেকে সম্পৃক্ত করেছেন, কিন্তু স্বপ্না খাতুন ধর্ষণ, হত্যা কিংবা অন্য কোনো কার্যকলাপে তাঁকে সহায়তা করেছেন—এমন কথা বলেননি।
আদালত আরও উল্লেখ করেছে যে, ঘটনার সময় রাত প্রায় ১১টার দিকে স্বপ্না খাতুন কক্ষের ভেতরে থাকলেও ৯(২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাঁকে অপরাধী সাব্যস্ত করা কঠিন। রায়ে বলা হয়, “মূল অপরাধীকে (সোহেল রানা) অপরাধ সংঘটনে তিনি সহযোগিতা করেছেন বলে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্য গ্রহণ করছি না।”
এছাড়া ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করলেও দণ্ড দেওয়া হয়নি। হাইকোর্ট জানিয়েছে, স্বপ্না খাতুনের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হওয়ার কোনো ভিত্তি পাওয়া যায়নি। অপরাধের আলামত বা প্রমাণ নষ্ট করার কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ বা সোহেল রানার জবানবন্দিতে আসেনি। ফলে স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স নাকচ এবং তাঁর জেল আপিল মঞ্জুর করা হয়েছে। আদালত বলেছে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হলো এবং অন্য কোনো মামলায় আটক না থাকলে তিনি মুক্তি পাবেন।
অন্যদিকে, সোহেল রানা তাঁর স্বীকারোক্তিতে শিশুটিকে ধর্ষণ, হত্যা এবং পরবর্তীতে দেহ খণ্ড খণ্ড করার কথা স্বীকার করেছেন। আদালত এই জবানবন্দিকে সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত বলে মনে করেছে। রায়ে বলা হয়, স্বীকারোক্তিতে তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে অপরাধের সঙ্গে সম্পৃক্ত করেননি; কেবল স্বপ্না খাতুন তাঁকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ধর্ষণ ও হত্যা সোহেল রানা নিজেই করেছেন এবং অপরাধটি ছিল অত্যন্ত নৃশংস ও ভয়াবহ। ভুক্তভোগী অসহায় শিশু হওয়ায় সোহেল রানার সাজা কমানোর কোনো কারণ পাওয়া যায়নি। ফলে তাঁর ডেথ রেফারেন্স গ্রহণ এবং জেল আপিল খারিজ করা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান শুনানি করেন। রায় ঘোষণার সময় শিশুটির বাবা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, “সোহেল রানা গ্রেপ্তার হওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে তিনি পুরো ঘটনা স্বীকার করেছেন। এটি যেমন আদালত বিবেচনা করেছেন, তেমনিভাবে ওই ঘটনার সাক্ষী, মামলার বাদী শিশুটির মা–বাবা, প্রতিবেশীসহ যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে আদালত এ মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শিশুটিকে ধর্ষণ ও তাকে নির্মমভাবে হত্যার জন্য সোহেল রানাই দায়ী।”
স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে তিনি আরও বলেন, “স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হচ্ছে, মূল অপরাধটি হলো ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যা। সোহেল রানার জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হলেও ঘটনায় স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কথা বলা হয়নি। ধর্ষণের ঘটনায় একজন নারী হিসেবে স্বামীর সহযোগী হওয়ার সুযোগ নেই। মূল যে অভিযোগ এবং মূল যে অপরাধ ধর্ষণ ও হত্যা, এর সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।”