ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতার একটি হলো কাজ চলাকালীন হঠাৎ ব্যাটারি শেষ হয়ে যাওয়া। তবে কিছু নির্দিষ্ট নিয়ম ও সঠিক অভ্যাস গড়ে তুললে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো এবং এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। ব্যাটারির চার্জ সাশ্রয় করতে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহারকারীরা নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন।

এনার্জি সেভার মোড সক্রিয় রাখা
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের এনার্জি সেভার মোড ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করতে অত্যন্ত কার্যকর। সাধারণত চার্জের পরিমাণ ৩০ শতাংশে নেমে এলে এই মোডটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ম্যানুয়ালি এই মোডটি চালু রাখা সম্ভব, যা চার্জ সাশ্রয়ে সহায়তা করে।

পাওয়ার ও ডিসপ্লে সেটিংসের সমন্বয়
ল্যাপটপের পাওয়ার সেটিংসে গিয়ে 'বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি' অপশনটি নির্বাচন করা উচিত। এর পাশাপাশি ডিসপ্লের রিফ্রেশ রেট নিয়ন্ত্রণ করা জরুরি; যেমন ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জ-এ আনলে চার্জের খরচ কমে। এছাড়া স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা প্রয়োজন অনুযায়ী কমিয়ে রাখলে ব্যাটারির চার্জ অনেক বেশি সময় স্থায়ী হয়।

ডার্ক মোডের ব্যবহার
ব্যাটারি খরচ কমাতে ডার্ক মোড একটি চমৎকার সমাধান। বিশেষ করে যেসব ল্যাপটপে ওএলইডি (OLED) ডিসপ্লে রয়েছে, সেখানে ডার্ক মোড ব্যবহার করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যার ফলে প্রচুর পরিমাণে চার্জ সাশ্রয় হয়।

অব্যবহৃত পেরিফেরালস ও অ্যাপ নিয়ন্ত্রণ
ল্যাপটপের সাথে সংযুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ কিংবা মাউসের মতো পেরিফেরাল ডিভাইসগুলো কাজ শেষ হওয়ার পর খুলে ফেলা শ্রেয়। এছাড়া ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা যেসব অ্যাপ প্রচুর মেমোরি ও চার্জ খরচ করে, সেগুলো চিহ্নিত করে বন্ধ রাখা প্রয়োজন। প্রয়োজন না থাকলে ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ রাখতে অ্যারোপ্লেন মোড ব্যবহার করা যেতে পারে।

ডেডিকেটেড গ্রাফিকস ও সিপিইউ ব্যবস্থাপনা
গেমিং ল্যাপটপ বা ভারী কাজের জন্য ব্যবহৃত ল্যাপটপে ইন্টিগ্রেটেড জিপিইউ (Integrated GPU) ব্যবহার করলে চার্জের সাশ্রয় হয়। এছাড়া গেমিং ল্যাপটপের ক্ষেত্রে বিভিন্ন বিশেষ অ্যাপের মাধ্যমে সিপিইউ কোর নিয়ন্ত্রণ করে ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

ব্যাটারি কেয়ার মোড চালু রাখা
ল্যাপটপটি সারাক্ষণ চার্জারে প্লাগ-ইন করে শতভাগ চার্জে রাখা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ল্যাপটপের অ্যাপের মাধ্যমে 'ব্যাটারি কেয়ার মোড' চালু করলে চার্জ সর্বোচ্চ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকে, যা দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা
উপরোক্ত সব পদক্ষেপ নেওয়ার পরেও যদি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবে ব্যাটারি ডায়াগনসিসের মাধ্যমে এর বর্তমান সঠিক অবস্থা জেনে নেওয়া প্রয়োজন। সঠিক পরিচর্যা ও সচেতনতার মাধ্যমেই ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়ানো সম্ভব। সূত্র: আসুস।