যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তাঁর সমর্থকেরা, তবে চূড়ান্ত ফলাফল তাঁদের চরম হতাশ করেছে।

টেক্সাসের ডালাসের একটি হোটেলের বলরুমে প্যাক্সটনের সম্ভাব্য জয় উদ্‌যাপন করতে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক সমর্থক। কিন্তু পরাজয়ের সংবাদ পাওয়ার পর একে একে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করেন তাঁরা। হোটেলের পানশালায় বসে টেলিভিশনের পর্দায় ট্রাম্পের ছবি দেখছিলেন ৫৯ বছর বয়সী ব্যবসায়ী মাইকেল লিটল। তিনি অতীতে তিনবার ট্রাম্পকে ভোট দিয়েছেন, তবে এবার তাঁর কণ্ঠে তীব্র ক্ষোভ। মাইকেল বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্প আমাদের ডুবিয়েছেন।’

রিপাবলিকানদের এই ব্যাপক পরাজয়ের পর ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের সমর্থকদের মধ্যে গভীর হতাশা ছড়িয়ে পড়েছে। একসময় যাঁরা মনে করতেন ট্রাম্পই এই আন্দোলনের প্রধান শক্তি, তাঁদের অনেকেই এখন প্রশ্ন তুলছেন—ট্রাম্পই কি শেষ পর্যন্ত এই আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হচ্ছেন?

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয় কেবল ভোটারদের ট্রাম্পের প্রতি অনাস্থারই বহিঃপ্রকাশ নয়, বরং তাঁর গড়ে তোলা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রতিও এক ধরনের রায়। ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একটি স্লোগান হিসেবে ‘মাগা’র যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। তবে এবার জ্বালানির উচ্চমূল্য, ইরান যুদ্ধ এবং দুর্নীতির বিষয়ে হতাশ ভোটাররা ডেমোক্র্যাটদের বড় জয় এনে দিয়েছেন, যার ফলে অস্তিত্বের সংকটে পড়তে পারে মাগা আন্দোলন।

নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের প্রথম বড় পদক্ষেপ ছিল আন্দোলনের মূল নীতি থেকে সরে না আসা; বরং তিনি সেই অবস্থান আরও জোরালো করেছেন। গত শুক্রবার তিনি স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দেন। মিলার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির অন্যতম প্রধান রূপকার এবং তিনি সুসি উইলিসের স্থলাভিষিক্ত হয়েছেন। বিশৃঙ্খল হোয়াইট হাউসে উইলিসকে অপেক্ষাকৃত স্থিতিশীল ও ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখা হতো।

মাগা আন্দোলনের কট্টর সমর্থকেরা মিলারের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই নিয়োগ আন্দোলনের মূল অবস্থানে ফিরে যাওয়ার ইঙ্গিত। ডানপন্থী প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব বেনি জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের ঠিক এ ধরনের শক্তিই দরকার।’

প্রায় এক দশকে মাগা আন্দোলন রিপাবলিকান পার্টিকে আমূল বদলে দিয়েছে। বাণিজ্য, অভিবাসন, বর্ণ ও লিঙ্গবৈষম্যের মতো বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় বিতর্কেও এই আন্দোলন বড় প্রভাব ফেলেছে। ফেডারেল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়েছে মাগা শিবির। অভিবাসনবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি–সংক্রান্ত কর্মসূচি থেকে সরে আসতে চাপ দিয়েছে তারা।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার পরও মাগা আন্দোলন টিকে ছিল এবং এই শক্তির ওপর ভর করেই ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফিরতে পেরেছেন। কিন্তু ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মাগা আন্দোলন এখন এক অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি—মাগা কি শেষ হয়ে যাচ্ছে?

রয়টার্স এক ডজনের বেশি মাগা কর্মী, অনলাইন প্রভাবশালী ব্যক্তি, রিপাবলিকান কৌশলবিদ, খ্রিষ্টীয় জাতীয়তাবাদী নেতা এবং ডানপন্থী রাজনীতি গবেষকের সাক্ষাৎকার নিয়েছে। পাশাপাশি নির্বাচনের পর থেকে মাগা সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও পডকাস্ট পর্যালোচনা করে দেখা গেছে, আন্দোলনটি এখন অভ্যন্তরীণ ক্ষোভ ও বিভক্তির মুখে পড়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয়ের পর মাগা সমর্থকেরা নির্বাচনে কারচুপির দাবি তুলেছিলেন। তবে এবার তেমন দাবি ওঠেনি; বরং সমর্থকেরা রিপাবলিকান নেতা, ট্রাম্পের উপদেষ্টা এবং খোদ ট্রাম্পকেই পরাজয়ের জন্য দায়ী করছেন। তাঁদের অভিযোগ, জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পূরণ হয়নি, ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এবং যৌন অপরাধী জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত সরকারি নথির বড় অংশ প্রকাশ করা হয়নি।

মাগা আন্দোলনের বিভিন্ন অংশের মধ্যে ভবিষ্যৎ নিয়েও মতভেদ দেখা দিয়েছে। কেউ চান আন্দোলন পুনরায় জাতীয়তাবাদী রাজনীতির মূল অবস্থানে ফিরে যাক, কেউ চান একে একজন ব্যক্তির ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করা হোক, আবার একটি অংশ মনে করছে মাগা আন্দোলনের মৃত্যু ইতিমধ্য়েই ঘটেছে।

মাগা আন্দোলনের অন্যতম প্রবক্তা, পডকাস্টার ও ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন রয়টার্সকে বলেন, ‘আমাদের নতুন করে গড়ে উঠতে হবে।’ তাঁর মতে, দলকে আরও আগ্রাসী জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচি গ্রহণ করতে হবে। স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ করার সিদ্ধান্তের প্রশংসা করে ব্যানন বলেন, ‘স্টিফেনের চেয়ে কট্টর মাগা সমর্থক আর কেউ নেই।’

নির্বাচনের ফলাফল সামনে আসার পর মাগা সমর্থকদের অনলাইন আলোচনাতেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পিকমেট্রিকস রয়টার্সের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখেছে, নিজেদের মাগার অনুগত বলে পরিচয় দেওয়া সমর্থকদের ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এই সন্দেহ প্রকাশকারীদের প্রায় অর্ধেক এখনো মাগা আন্দোলনের প্রতি সমর্থন রাখলেও ট্রাম্পকে আর এর নেতা হিসেবে চান না। বাকি অর্ধেক ট্রাম্পের প্রতি অনুগত থাকলেও তাঁর সমালোচনা করছেন।

নির্বাচনের দিন রাত ৯টা থেকে পরদিন রাত ৮টা পর্যন্ত এক্স ও রেডিটে ট্রাম্পকে নিয়ে করা ১২ হাজার ৮৫০টি পোস্টে ৪৬ লাখ মন্তব্য পর্যালোচনা করে দেখা গেছে, ফলাফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মাগা সমর্থকদের উদ্বেগ বাড়তে থাকে। পরাজয়ের জন্য দায়ী করা পোস্টগুলোর প্রায় এক-তৃতীয়াংশে বলা হয়েছে, ইরান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে ইসরায়েলের প্রভাব নিয়ে উদ্বেগ ট্রাম্পের নির্বাচনী বার্তাকে আড়াল করে দিয়েছে। আর এক-চতুর্থাংশ পোস্টে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির যেসব নেতা পুরোপুরি মাগার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না, তাঁরাই আন্দোলনকে দুর্বল করেছেন।

এই নির্বাচনের ফলে কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সিনেটের ১০০ আসনের মধ্যে তাঁরা সর্বোচ্চ ৫৬টি আসন পেতে পারেন, যা ট্রাম্পের বিচারক নিয়োগের প্রস্তাব আটকে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা প্রদান করবে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প যে সাতটি অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন, সেসব অঙ্গরাজ্যের গভর্নর পদও এখন ডেমোক্র্যাটদের দখলে। এমনকি টেক্সাসের সব কটি নির্বাচনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা, যেখানে ১৯৭৬ সালের পর কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জয় পাননি।

মাগা সমর্থকদের অসন্তোষের মুখে এতদিন প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করতে সতর্ক ছিলেন অনেক রিপাবলিকান নেতা, তবে এবার তাঁদের কেউ কেউ সরাসরি সমালোচনা শুরু করেছেন। উইসকনসিনের রিপাবলিকান সিনেটর রন জনসন গত শনিবার বলেন, সরকারের সব শাখায় দুর্নীতি হয়। এমনকি ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ট্রাম্প প্রশাসনের মধ্যেও’ দুর্নীতি আছে।

ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা ক্যালি মিনস গত শুক্রবার ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে অভিযোগ করেন, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা বিশেষ স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষে কাজ করেছেন এবং ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ আন্দোলনের জনপ্রিয় নীতিগুলো আটকে দিয়েছেন। জনসন এই বক্তব্যের প্রসঙ্গ টেনে ফক্স নিউজকে বলেন, ‘ভোটাররা আশা করেছিলেন, আমরা সরকারের দুর্নীতি ও অনিয়মের অবসান ঘটাব। কিন্তু মনে হচ্ছে, শেষ পর্যন্ত দুর্নীতিই জিতেছে।’

জনসনের বক্তব্য ও মিনসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসন শুস্টার দুর্নীতির অভিযোগের জবাব দেননি। তিনি বলেন, ট্রাম্প ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

ইন্ডিয়ানার রিপাবলিকান প্রতিনিধি মারলিন স্টুৎসম্যানও গত রোববার মিলারকে চিফ অব স্টাফ করার সমালোচনা করেছেন। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মধ্যেও তিনি নিজের আসনে জয়ী হয়েছেন। স্টুৎসম্যান বলেন, মিলারকে এই পদে নিয়োগ দেওয়া ‘বড় ভুল’। তাঁর ভাষায়, ‘যাঁরা আগে দায়িত্বে ছিলেন, তাঁদের পদোন্নতি দেওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, মধ্য–পশ্চিমাঞ্চলের মানুষ মিলারকে পছন্দ করেন না এবং তাঁর কথাবার্তার ধরনও তাঁদের ভালো লাগে না।

জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই তাঁর কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিলার। চিফ অব স্টাফ হিসেবেও তিনি বড় সাফল্য এনে দেবেন। মিলারের নিয়োগের পক্ষে ১৯ জন রিপাবলিকান আইনপ্রণেতার বিবৃতিও সামনে এনেছে হোয়াইট হাউস।