আমাদের বাড়িওয়ালার নাম মাতবর খাঁ। তাঁর এই নামের সাথে আমার কোনো সমস্যা নেই। তাঁর মাথায় চুল নেই, তাতেও আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। এমনকি তিনি কেন এই বাড়ির মালিক, সেটিও আমার মাথাব্যথার কারণ নয়।
আমার সমস্যাটি কেবল একটি বিষয় নিয়ে—মাতবর খাঁ সম্ভবত আমাকে একদমই সহ্য করতে পারেন না। তিনি এই বাড়ির তিনতলায় থাকেন এবং আমি দোতলার বাসিন্দা। আমি এই বাড়িতে নতুন এসেছি। তিনতলার দুটি ইউনিটই মাতবর খাঁর দখলে। একটি ইউনিটে থাকেন তাঁর বড় ছেলে এবং অন্যটিতে তিনি ও তাঁর স্ত্রী। আমার বাসাটি ঠিক মাতবর খাঁর ছেলের বাসার নিচেই অবস্থিত।
আমি দিনের অধিকাংশ সময় বাইরেই কাটাই এবং রাতে বাসায় ফিরি। নিয়ম অনুযায়ী বাড়ির গেট রাত এগারোটায় বন্ধ হয়ে যায়। আমি সাধারণত রাত দশটার দিকেই ফিরে আসি, কিন্তু একদিন এসে দেখি ঢুকতে পারছি না; গেট বন্ধ। তবে এই বাড়িতে সবকিছুই স্বাভাবিক, শুধু আমি ছাড়া। বাড়ির দারোয়ান কানে কম শোনেন। তাই ভদ্রতার খাতিরে দুই-একবার আলতো করে গেটে টোকা দিই, যদি দুয়ার খোলে। কিন্তু কোনো লাভ হয় না। এরপর গেট ধরে জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করি। এবার অপর পক্ষ থেকে সাড়া পাওয়া গেল—দারোয়ানের নাক ডাকার আওয়াজ শোনা গেল।
আমি বুঝতে পারলাম, এই আওয়াজ শুনে তিনতলার বারান্দা থেকে এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। নিরুপায় হয়ে নিচ থেকেই চেঁচিয়ে বললাম, “আসসালামু আলাইকুম, চাচা! গেট খোলে না যে! বাসায় যেতে পারছি না তো!”
সাড়া এল, “আজ রাত দশটায় গেট বন্ধ। নোটিশ পাও নাই?”
আমি যেন আকাশ থেকে পড়লাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “নোটিশ কখন দিল?
সাড়া এল, “আজকে বিকেলে সবার বাসায় নোটিশ গেছে। আজকে থেকেই কার্যকর। আমার কথার একচুল নড়চড় হইব না। বাড়ির গেট কোনোভাবেই খুলব না আজকে।”
কী চমৎকার ব্যাপার! সকাল থেকে আমি বাসায় নেই, অথচ বিকেলে আমার বাসায় নোটিশ পৌঁছে গেছে যে আজ রাত দশটায় গেট বন্ধ হয়ে যাবে। তা-ও আমি মেনে নিতাম, কারণ মাতবর খাঁর সবকিছুই আমি মেনে নিই। কিন্তু সমস্যা হলো, আমার ভীষণ বাথরুম চেপেছে। অফিস থেকে বের হওয়ার আগে একসাথে দুই গ্লাস পানি খেয়েছিলাম। শেষবারের মতো চেষ্টা করে বললাম, “চাচা, বাথরুমে যাওয়া দরকার...” কিন্তু দেখি তিনতলার বারান্দা এখন একদম খালি। জীবনে অনিচ্ছা সত্ত্বেও মানুষকে কত কী করতে হয়! যে মানুষদের আমি রাস্তাঘাটে প্রাকৃতিক কাজ সারতে দেখে মনে মনে ধিক্কার দিতাম, আজ প্রকৃতির ডাকে সাড়া দিতে সেই পথই বেছে নিলাম আমি। কাজ শেষ করার পর মনে হলো, বিরাট ভুল হয়ে গেছে; সাথে পানি আনা হয়নি। আমার মনে হলো, আমি যেন ডাক ছেড়ে কাঁদি।
সকাল সাতটায় দারোয়ান যখন বাড়ির গেট খুলল, তখন আমি তীর্থের কাকের মতো সারা রাত গেটের দিকে তাকিয়ে ছিলাম। আমার মনে হলো, এখন আর বাসায় যেতে ইচ্ছা করছে না; বরং রাস্তায় সারা জীবন কাটিয়ে দিতে পারি। দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করল, “আপনে এইখানে কী করেন?” আমি নির্লিপ্ত গলায় উত্তর দিলাম, “রংতামাশা করি।” দারোয়ান বিড়বিড় করতে করতে সেখান থেকে সরে গেল। অবশেষে উঠে দাঁড়ালাম। বাসায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই; বাসা ছেড়ে দিতে হলেও জিনিসপত্র গোছানোর জন্য ভেতরে যেতেই হবে।
বাসায় গিয়ে গোসল সেরে শুয়ে পড়লাম। শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই চরম বিপর্যস্ত থাকায় আজ অফিসে যাওয়া সম্ভব নয়। কিছুক্ষণ পর হঠাৎ ধুপধাপ আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি জানি মাতবর খাঁর ছেলের কোনো সন্তান নেই এবং তাঁর পুত্রবধূকে দুদিন আগে বাপের বাড়িতে যেতে দেখেছি। এছাড়া মাতবর খাঁর ছেলেরও এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা। তাহলে আমার মাথার ওপরের ছাদে লাফাচ্ছে কে? প্রথমেই যে নাম মাথায় এল—মাতবর খাঁ। সত্তর বছর বয়সী মাতবর খাঁ লুঙ্গিতে মালকোচা মেরে শুধু আমাকে উত্যক্ত করতেই তাঁর ছেলের বাসায় ঢুকে লাফঝাঁপ দিচ্ছেন—ব্যাপারটি কল্পনা করা খুব সহজ নয়। তাই আমি চুপচাপ শুয়ে রইলাম।
বিকেলে মাতবর খাঁর ছেলের সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করলাম, “ভাই, বাসায় কি কাজ চলে? আওয়াজ পেলাম অনেক।”
তিনি উত্তর দিলেন, “ও! আব্বা দড়িলাফ প্র্যাকটিস করেন এখনো মাঝেমধ্যে। আর্মিতে ছিলেন তো। একটা বন্দুকও আছে ওনার।”
আমি অনেক দিন ধরেই একটি বাসা খুঁজছি। যেকোনো বাসা হলেই হবে। কেউ কি এই বিষয়ে কোনো খোঁজ দিতে পারবেন?