প্রতিদিন সন্ধ্যা নামার আগেই ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে ভিড় জমায় হাসপাতালের বাগানের গাছের ডালে। অল্প সময়ের মধ্যেই গাছের ডাল, পাতা আর ফুলের আড়ালে ঢাকা পড়ে যায় হাজারো চড়ুই পাখি। তাদের অবিরাম কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে পুরো হাসপাতাল চত্বর। রাতভর সেখানেই তাদের নিরাপদ আশ্রয়।
ভোরের আলো ফুটতেই আবার দল বেঁধে খাবারের খোঁজে উড়ে যায় এই চড়ুই পাখিরা। প্রায় সাত বছর ধরে বছরের নির্দিষ্ট কিছু মাসে এমন দৃশ্য দেখা যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালের দুটি চত্বরে। দেখে মনে হয়, হাসপাতালের এই চত্বর দুটি যেন হাজারো চড়ুই পাখির জন্য এক ‘এক টুকরা রাজ্য’। প্রতিদিন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারী এবং রোগীরা অত্যন্ত মুগ্ধ হয়ে এই দৃশ্য উপভোগ করছেন।
মতলব দক্ষিণ উপজেলা সদরের কিছুটা দক্ষিণে মতলব-বাবুরহাট সড়কের পশ্চিম পাশে আইসিডিডিআরবির মতলব হাসপাতালের অবস্থান। হাসপাতালের আয়তাকার বিশাল ভবনের মাঝখানে রয়েছে দুটি চত্বর। সেখানে রঙ্গন, কতবেল, পেয়ারা, মাধবীলতা ও হাসনাহেনাসহ আরও নানা ধরনের ফুল ও ফলের সাজানো বাগান রয়েছে। গত শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই হাসপাতালে অবস্থান করে দেখা যায়, হাজারো চড়ুই পাখি উড়ে এসব গাছের ডালে বসছে। হাসপাতালের ছাদে ও রেলিংয়েও ভিড় জমিয়েছে চড়ুই পাখিরা। সন্ধ্যার শেষ লগ্নেই সেখানে হাজারো চড়ুই পাখির উপস্থিতি ঘটে। গাছের ডালে ডালে, পাতায় পাতায় এবং ফুল ও ফলের ওপর বসে থাকে তারা। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে গোটা হাসপাতাল এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ যেন এক টুকরো চড়ুই পাখির রাজ্য। এই দৃশ্য দেখতে রোগী ও রোগীর স্বজনরা হাসপাতালের বারান্দায় ভিড় করেন। কেউ শখ করে এই অপূর্ব দৃশ্যের ভিডিও করছেন, আবার কেউ ছবি তুলছেন। এটি যেন মানুষ ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। এমনকি বাইরে থেকেও অনেকে এই দৃশ্য উপভোগ করতে আসছেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের সঙ্গে কথা বলা হলে তিনি মুক্তকণ্ঠকে বলেন, “বিষয়টি জেনেছেন। চড়ুই পাখির এ মিলনমেলা দেখতে ওই হাসপাতালে যাবেন। মানুষ, পাখি ও প্রকৃতির নিরাপদ সহাবস্থানকেই জানান দেয় এটি। ঘটনাটি তাৎপর্যপূর্ণ।”
কখন আসে চড়ুই, থাকে কতক্ষণ
হাসপাতাল চত্বরে প্রতিদিন হাজারো চড়ুই পাখির আনাগোনা ও কিচিরমিচির শব্দ উপভোগ করার কথা জানিয়েছেন আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক চন্দ্রশেখর দাস। নিজের মুগ্ধতার কথা জানিয়ে মুক্তকণ্ঠকে তিনি বলেন, “প্রায় সাত বছর ধরে তাঁর হাসপাতালের আয়তাকার ভবনের মাঝখানের দুটি চত্বরে ফুল ও ফলের বাগানে প্রতিদিন সন্ধ্যার আগে হাজারো চড়ুই পাখি উড়ে আসে। বসে গাছের ডালে, পাতায়, ফুল ও ফলের ভাঁজে ভাঁজে। তখন চড়ুই পাখি ও গাছের ডাল পাতা হয়ে ওঠে একাকার। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে হাসপাতাল এলাকা। সন্ধ্যার পর বন্ধ হয় কিচিরমিচির শব্দ। রাতে চুপটি মেরে বসে থাকে পাখির দল।”
চন্দ্রশেখর দাস আরও বলেন, “সারা রাত হাসপাতালের বাগানে থেকে ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দল বেঁধে উড়ে যায় তারা। এভাবে প্রায় সাত বছর ধরে এখানে বসছে চড়ুই পাখির মিলনমেলা। মাঝে এক বছর (গত বছর) আসেনি তারা। কেন আসেনি এর কারণ খুঁজে পাচ্ছেন না। বছরের আগস্টে এসে টানা মে মাস পর্যন্ত থাকে তারা। এ সময়টা হাসপাতালের চত্বর যেন চড়ুই পাখির নিরাপদ ‘রাত্রিনিবাস’। হাসপাতালের রোগী বা কর্মরত কেউই এদের বিরক্ত করেন না।”
প্রায় অভিন্ন কথা জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক মো. সারোয়ার জাহান, মো. কামরুল ইসলাম, কর্মচারী কবির হোসেন ও আ. হান্নানসহ আরও অনেকে।
রোগীরা যা বললেন
নোয়াখালীর চাটখিল থেকে ডায়রিয়ায় আক্রান্ত বৃদ্ধ বাবাকে এ হাসপাতালে নিয়ে এসেছেন ফাতেমা আক্তার নামে এক তরুণী। তিনি বলেন, হাসপাতালের বাগানে সন্ধ্যায় এত চড়ুই পাখির দৃষ্টিনন্দন দৃশ্য দেখে তিনি আপ্লুত ও মুগ্ধ। অন্যদিকে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি বলেন, “এত চড়ুই পাখি একসঙ্গে জীবনেও দেখি নাই। খুব ভালো লাগতাছে। ভিডিও কইরা রাখছি। ছবিও তুলছি।” তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার তিনি এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
হাসপাতাল চত্বর কেন নিরাপদ
চড়ুই পাখির দল ওই হাসপাতাল চত্বরের বাগানকে কেন বেছে নিয়েছে—এ বিষয়ে জানতে কথা হয় মতলব সরকারি ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার রায়ের সঙ্গে। তিনি বলেন, পাখিরা তাদের নিজস্ব ব্যাকরণ ও নীতি মেনে চলে। যেখানে নিরাপদ মনে করে, দল বেঁধে তারা সাধারণত সেখানেই যায়। নিরাপদ মনে করেই চড়াই পাখি হাসপাতালের এই বাগানটি বেছে নিয়েছে। রাতের বেলায় পাখিরা কেন চুপ থাকে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিকাংশ পাখি রাতের বেলায় তেমন দেখতে পায় না। এ জন্য পাখিরা রাতে সাধারণত চুপচাপ থাকে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে আইসিডিডিআরবির মতলব হাসপাতালের স্টেশনপ্রধান আল ফজল খানের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, তাঁর হাসপাতাল চত্বরের বাগানে এত সংখ্যক চড়ুই পাখির আগমনের বিষয়টি ইতিবাচক। প্রকৃতি, পাখি ও মানুষের এ এক অপূর্ব মিলনমেলা। খুব ভালো লাগছে।