মহাসড়কের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট বকুলগাছ। এর ডালপালা খুব বেশি বিস্তৃত নয় এবং দিনের বেলা সাধারণ গাছের মতোই মনে হয়। তবে সন্ধ্যা নামলেই সম্পূর্ণ বদলে যায় এখানকার দৃশ্যপট। চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে গাছটির ডালে ডালে আশ্রয় নেয় শত শত চড়ুই পাখি। তাদের কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যস্ত সড়কের যানবাহনের তীব্র শব্দকেও ছাপিয়ে ভেসে আসে এই পাখিদের কলকাকলি।
জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের জামালপুর শহরের টিউবওয়েলপাড় মোড়ে অবস্থিত এই বকুলগাছটি এখন চড়ুইদের রাতযাপনের প্রধান ঠিকানায় পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় পাখিদের এই ফিরে আসার দৃশ্য দেখতে পথচারীরা থমকে দাঁড়ান। কেউ মুগ্ধ দৃষ্টিতে এই দৃশ্য দেখেন, আবার কেউ কেউ মুঠোফোনে ধারণ করেন এই ব্যতিক্রমী সমাগমের মুহূর্তগুলো।
গত শুক্রবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তিনটি সড়কের সংযোগস্থল হিসেবে মোড়টি বেশ ব্যস্ত। সারি সারি ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস ও ট্রাক চলাচল করছে। সড়কের দুই পাশে রয়েছে টিনের চালার দোকানপাট। হর্ন আর মানুষের কোলাহলের মধ্যেই গোলচত্বরে শান্তভাবে দাঁড়িয়ে আছে বকুলগাছটি।
সন্ধ্যায় আলো কমে আসতেই গাছের আশপাশে চড়ুইয়ের আনাগোনা বাড়তে থাকে। প্রথমে কয়েকটি পাখি গাছের কাছে টানানো বিদ্যুতের তারে বসে। কিছুক্ষণের মধ্যেই সেই সারি দীর্ঘ হতে থাকে। এরপর দল বেঁধে তারা নেমে আসে গাছের ঘন ডালপালায়। দেখতে দেখতে পাতার ফাঁকে জায়গা করে নেয় অসংখ্য চড়ুই। নিচে যানবাহনের বিরামহীন চলাচল চললেও ওপরে পাখিরা খুঁজে নেয় তাদের নিরাপদ আশ্রয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় দেড় বছর ধরে এই গাছটি চড়ুইয়ের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভোর হলেই খাবারের সন্ধানে পাখিগুলো দূরদূরান্তে ছড়িয়ে পড়ে এবং সারা দিন ঘুরে শেষ বিকেলে তারা আবার এই গাছে ফিরে আসে।
গত শুক্রবার বিকেলে টিউবওয়েলপাড় মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছিলেন জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘প্রতিদিন এই ছোট্ট গাছে হাজারো পাখির সমাগম ঘটে। দূরদূরান্ত থেকেও মানুষ দেখতে আসেন। কাজের ব্যস্ততার ফাঁকে পাখিদের এই দৃশ্য দেখতে আমারও ভালো লাগে।’
পাখিদের এভাবে দলবদ্ধ রাতযাপনের পেছনে রয়েছে বিশেষ প্রাকৃতিক কারণ। প্রাণিবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কমিউনাল রুস্টিং’। এর অর্থ হলো একই প্রজাতির অনেক পাখি নির্দিষ্ট একটি স্থানে একসঙ্গে রাত কাটায় বা বিশ্রাম নেয়।
টিউবওয়েলপাড় এলাকার বাসিন্দা কামাল শেখের ভাষ্য, ‘বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে পাখিগুলো দল বেঁধে ফিরে আসতে শুরু করে। আমরা মহল্লার লোকজন প্রতিদিন তাদের আসা–যাওয়া দেখি। পাখিগুলো এখন আমাদের এলাকার সৌন্দর্যের অংশ। আমরা চাই, তারা এভাবেই নিরাপদে থাকুক।’
কেন পাখিরা এভাবে একসঙ্গে রাতযাপন করে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ। তিনি বলেন, ছোট ও ঝোপালো এই গাছে বিপুলসংখ্যক চড়ুইয়ের একসঙ্গে অবস্থান কমিউনাল রুস্টিংয়ের উদাহরণ। দলবদ্ধভাবে থাকলে পাখিরা শরীরের তাপ ধরে রাখতে পারে। বিশেষ করে শীত ও কুয়াশায় এটি তাদের টিকে থাকতে সহায়তা করে। কোনো পাখি বিপদের সংকেত পেলে অন্যরাও দ্রুত সতর্ক হতে পারে। এতে শিকারি প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সুযোগ বাড়ে। পাশাপাশি দলবদ্ধ অবস্থানে পাখিদের সামাজিক যোগাযোগও বজায় থাকে।
জুয়েল আহমেদের মতে, বর্তমানে পাখির নিরাপদ আবাসস্থল কমছে। তাই শুধু পাখি শিকার বন্ধ করলেই হবে না, তাদের বসবাস ও বিচরণের উপযোগী পরিবেশও নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত গাছ লাগানো, জলাভূমি ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং ধানখেতসহ খাদ্য সংগ্রহের জায়গাগুলো রক্ষা করা জরুরি। এসব উদ্যোগ নেওয়া গেলে পাখিদের নিরাপদ আবাসস্থল ফিরিয়ে আনার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণও সম্ভব হবে।
সূর্য ডোবার পর বকুলগাছটি ঘিরে তৈরি হয় মায়াবী এক দৃশ্য। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে চড়ুইয়ের দল। ডানা ঝাপটে আশ্রয় নেয় বকুলগাছের পাতার আড়ালে। তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোলচত্বর। ব্যস্ত নগরের কোলাহলের মধ্যেও চড়ুইদের প্রতিদিনের এই ফিরে আসা যেন প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়।