বাঙালির রসনাবিলাসে চিতল মাছের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে চিতল মাছের মুইঠ্যা কিংবা পেটির কালিয়া—এই নামগুলো শুনলেই অনেকের জিভে জল চলে আসে। তবে অত্যন্ত সুস্বাদু এই মাছটির নাম কেন ‘চিতল’ রাখা হলো, তা কি কখনো ভেবে দেখেছেন?

মাছটির শরীরের বিশেষ দাগের সঙ্গে জড়িয়ে আছে এর নামকরণের ইতিহাস। শুধু নামই নয়, শিকারির হাত থেকে বাঁচতে শরীরের দাগের ব্যবহার এবং বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেওয়ার মতো কিছু অদ্ভুত বৈশিষ্ট্যও রয়েছে এই মাছের।

ধারণা করা হয়, বাংলা ‘চিতল’ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ‘চিত্রল’ শব্দ থেকে। ‘চিত্রল’ শব্দের অর্থ হলো চিত্রবিচিত্র বা দাগযুক্ত। শরীরের গায়ে চাকা চাকা ছোপ থাকার কারণে যেমন হরিণের নাম হয়েছে চিত্রা হরিণ, ঠিক তেমনি শরীরের বিশেষ নকশার কারণেই এই মাছটির নাম হয়েছে চিতল। মাছটির পিঠের দিক ধূসর বা রুপালি রঙের হয়ে থাকে। তবে পেটের নিচের অংশ এবং লেজের কাছাকাছি সারিবদ্ধভাবে গোলাকার কালো বা ধূসর ছোপ দেখা যায়।

চিতল মাছ নোটোপ্টেরিডি পরিবারের অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Chitala chitala। লক্ষ্য করার বিষয় হলো, মাছটির গণ ও প্রজাতির নামেও ‘চিতল’ শব্দটির লাতিন রূপ ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে একে ‘হাম্পড ফিদারব্যাক’ বা ‘ক্লাউন নাইফফিশ’ বলা হয়। মাছটির পিঠের দিকটা কিছুটা কুঁজের মতো উঁচু। এছাড়া শরীরের নিচের পাখনা বা অ্যানাল ফিন লম্বা ও সরু, যা দেখতে অনেকটা ছুরির ফলার মতো।

চিতল মাছের শরীরের গোলাকার দাগগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে বিশেষ অভিযোজনের কৌশল। এই দাগগুলোকে বলা হয় ‘ফলস আইস্পট’। ধারণা করা হয়, শিকারির হাত থেকে আত্মরক্ষায় এই দাগগুলো মাছটিকে দারুণ সাহায্য করে।

নদীর ঘোলা পানি কিংবা জলজ উদ্ভিদের আড়ালে সাঁতার কাটার সময় চিতল মাছের লেজের কাছের গোলাকার দাগগুলো বড় শিকারি মাছ বা জলজ প্রাণীর চোখের মতো মনে হতে পারে। এতে শিকারি প্রাণী মাছটির মাথা ও লেজের দিক নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে আক্রমণের সময় শিকারির নজর মাছটির মাথার বদলে লেজের দিকে চলে যায়। সেই সুযোগে দ্রুত সরে গিয়ে প্রাণে বাঁচতে পারে চিতল মাছ।

চিতল মাছের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বায়ুথলি। সাধারণ মাছের বায়ুথলির তুলনায় এটি বেশ উন্নত। এই বায়ুথলিটি অনেকটা ফুসফুসের মতো কাজ করতে পারে। এ কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকলেও চিতল মাছ টিকে থাকতে পারে। এরা পানির ওপরের দিকে উঠে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে সক্ষম। ফলে বদ্ধ বা ঘোলা পানিতেও তাদের বেঁচে থাকা সহজ হয়।