চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর ১০৫ বছর বয়সি এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলি জমির পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নারীর নাম রিকাবি বেগম। তিনি মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে আশপাশে তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি বাড়ির পাশের ফসলি জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রথমে পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনরা তাকে রিকাবি বেগম হিসেবে শনাক্ত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

নিহত বৃদ্ধার ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। গত চার দিন ধরে তারা তাকে খুঁজছিলেন এবং পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন বলে জানান ছেলে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।